
রতন ঘোষ, কটিয়াদী প্রতিনিধি: কিশোরগঞ্জের কটিয়াদীতে ট্রেনে কাটাপড়ে ফরিদ মিয়া(২০), নামে এক যুবক নিহত হয়েছেন। গতকাল ১৯ সেপ্টেম্বর বৃহস্পতিবার মন্ডলভোগ রেল সেতুর নিকট এ ঘটনা ঘটে। নিহত যুবক উপজেলার চাঁন্দপুর ইউনিয়নের,চারিয়া গ্রামের মৃত শামসুল ইসলাম এর একমাত্র ছেলে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ফরিদ মিয়া, মন্ডল ভোগ রেলসেতুর নিকট একটি নির্জন স্থানে রেল লাইনের উপর আনমনা হয়ে বসে ছিলেন। এমন সময় কিশোরগঞ্জগামী এগারসিন্দুর ট্রেনের নিচে কাঁটাপড়ে তিনি মারা যান। চাঁন্দপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, উজ্জল মিয়া জানান, কিশোরগঞ্জগামী এগারসিন্দুর ট্রেনের নিচে কাটা পড়ে ফরিদ মিয়া ঘটনা স্থলে নিহত হন। পরে রেলওয়ে পুলিশ এসে লাশ উদ্ধার করেন।
কিশোরগঞ্জ রেলওয়ে থানার ইনচার্জ মোঃ বাহা উদ্দিন ফারুকী মুঠোফোনে জানান, এলাকাবাসীর মাধ্যমে জানা যায়, নিহত যুবক মানসিক ভারসাম্যহীন ছিলেন। নিহতের মা ছাড়া তার আর কোন আপনজন নেই। মায়ের অনুরোধে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে লাশ ময়নাতদন্ত ছাড়াই মায়ের কাছে হস্তান্তর করা হয়েছে, তবে এ বিষয়ে একটি ইউডি (অস্বাভাবিক মৃত্যু) মামলা রুজু করা হয়েছে।



