
রতন রায়হান, রংপুর: সারা দেশে হাম-রুবেলার প্রকোপ বৃদ্ধি পাওয়ায় শিশুদের সুরক্ষা নিশ্চিত করতে “সব শিশুকেই টিকা দিবো—হাম-রুবেলা রোধ করবো” স্লোগানকে সামনে রেখে রংপুর সিটি কর্পোরেশন (রসিক) হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ সোমবার থেকে শুরু হচ্ছে।
এই কর্মসূচির আওতায় রসিকের ৩৩টি ওয়ার্ডে মোট ৭৮ হাজার ৬২৮ জন শিশুকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে স্বাস্থ্য বিভাগ।
রোববার (১৯ এপ্রিল) দুপুরে রসিকের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান রংপুর সিটি কর্পোরেশন এর প্রশাসক মাহফুজ উন-নবী চৌধুরী ডন। তিনি জানান, আগামী ২০ এপ্রিল থেকে ২০ মে পর্যন্ত এই ক্যাম্পেইন চলবে। এতে ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী (অর্থাৎ পাঁচ বছরের কম) প্রতিটি শিশুকে বিনামূল্যে এক ডোজ করে হাম-রুবেলা টিকা দেওয়া হবে।
সিটি কর্পোরেশনের ৩৩টি ওয়ার্ডে স্থাপিত ২৮০টি কেন্দ্রে প্রতিদিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টিকাদান কার্যক্রম পরিচালিত হবে। সরকারি ছুটির দিন ব্যতীত মোট ১৪ দিনের এই ক্যাম্পেইনে ৩৩ জন সুপারভাইজার, প্রতিটি কেন্দ্রে ২ জন করে স্বাস্থ্যকর্মী এবং ১৫০ জন স্বেচ্ছাসেবক ৩৮টি গ্রুপে দায়িত্ব পালন করবেন।
ক্যাম্পেইন সফল করতে ব্যাপক প্রচারণা চালানো হচ্ছে বলে জানান সিটি প্রশাসক। ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের মাধ্যমে সচেতনতা বৃদ্ধি করা হচ্ছে এবং ইসলামিক ফাউন্ডেশনসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে চিঠি পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, হামমুক্ত বাংলাদেশ গড়তে এই ক্যাম্পেইন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোনো শিশু যেন টিকা থেকে বাদ না পড়ে এবং অভিভাবকেরা যেন অপপ্রচারে বিভ্রান্ত না হন—সে বিষয়ে সবার সহযোগিতা প্রয়োজন।
এছাড়া, টিকা গ্রহণের পর কোনো সমস্যা দেখা দিলে আতঙ্কিত না হয়ে শিশুকে নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে নেওয়ার জন্য অভিভাবকদের পরামর্শ দেওয়া হয়।
সংবাদ সম্মেলনে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)-এর ডিভিশনাল কনসালটেন্ট ডা. জুবায়ের আল মামুন, ডা. মাহামুদুর রহমান, রসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. কামরুজ্জামান ইবনে তাজ, স্বাস্থ্য কর্মকর্তা ডা. পলাশ কুমার রায় এবং স্বাস্থ্য শাখার প্রধান নাঈম উল হকসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



