ওয়াগনার ঝড়ে বিধ্বস্ত জিম্বাবুয়ে

বুলাওয়েতে সিরিজের প্রথম টেস্টে বল হাতে স্বাগতিকদের একাই ধসিয়ে দিয়েছে নিউজিল্যান্ডের পেসার নেইল ওয়াগনার। তার তাণ্ডবে এক পর্যায়ে জিম্বাবুয়ের স্কোর ছিল ৮ উইকেটে ৭২. তবে দশ নম্বরে ব্যাট করতে নামা ডোনাল্ড তিরিপানোর অপরাজিত ৪৯ রানের সুবাদে ১৬৪ রান তোলে গ্রায়েম ক্রেমারের দল।
বৃহস্পতিবার কুইন্স স্পোর্টস ক্লাব মাঠে টস জিতে ব্যাট করতে নামে জিম্বাবুয়ে। কিন্তু কিউই বোলারদের তোপে কোনো ব্যাটসম্যান মাঠে টিকে থাকতে পারেনি। ফলে মাত্র ৭২ রানেই ৮ উইকেট হারায় তারা। অবশেষে মাসভাউরি ও তিরিপানোর ব্যাটে তাদের সংগ্রহ দাঁড়ায় ১৬৪ রানে। ৪১ রানে ৬ উইকেট নিয়েছেন ওয়াগনার।
টপ অর্ডারের ব্যর্থতায় ৩৬ রানে চার উইকেট হারানোর পর ক্রিজে থাকার চেষ্টা করেন এরভাইন ও সিকান্দার রাজা। ১৩ রান করে এরভাইন আউট হলে ৩৬ রানে তাদের জুটি ভেঙে যায়। ৭২ রানে ৫ উইকেট হারানো জিম্বাবুয়ে আর কোন রান না তুলেই পরপর ৩ উইকেট হারায়।
অবশেষে মাসভাউরি ও তিরিপানো দলের হাল ধরেন। এই জুটি থেকে আসে ৮৫ রান। মাসভাউরি ৪২ রান করে টিম সাউদির বলে এলবিডব্লিউর ফাঁদে পড়েন। তবে ৪৯ রান নিয়ে অপরাজিত থাকেন তিরিপানো। ১৬২ বল মোকাবিলা করে ৬টি চার ও একটি ছক্কায় এই স্কোর করেন তিনি। নিউজিল্যান্ডের বোলার নেইল ওয়াগনার ২০.৫ ওভারে ৪১ রান দিয়ে ৮টি মেডেনসহ ৬টি উইকেট পান। দুটি করে উইকেট পান টিম সাউদি ও সান্টনার।
প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে দিন শেষে কোন উইকেট না হারিয়ে ৩২ রান তুলেছে সফরকারীরা।




