sliderবিনোদনশিরোনাম

এ আর রহমানের কনসার্ট, বন্ধ থাকবে রাজধানীর যেসব সড়ক

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে মঙ্গলবার (২৯ মার্চ) মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ভারতের জনপ্রিয় সঙ্গীতশিল্পী এ আর রহমানের কনসার্ট। কনসার্টে গান গাইবেন বাংলাদেশি শিল্পী মমতাজ বেগম ও জনপ্রিয় ব্যান্ড মাইলস।
কনসার্টে উপস্থিত হতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মন্ত্রিপরিষদের সদস্য এবং ভিআইপিরা স্টেডিয়ামে যাবেন। এজন্য মঙ্গলবার বিকেল ৩টা থেকে অনুষ্ঠান শেষ না হওয়া পর্যন্ত স্টেডিয়ামের আশপাশের এলাকার সড়কে যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
সোমবার (২৮ মার্চ) ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম এই নির্দেশনা দেন। নির্দেশনা অনুযায়ী মিরপুর ১০ নম্বর ক্রসিং থেকে সনি ক্রসিং পর্যন্ত, টিঅ্যান্ডটি ক্রসিং থেকে প্রশিকা ক্রসিং পর্যন্ত এবং শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের আশপাশের ফিডার সড়কগুলোতে যানচলাচল বন্ধ রেখে ডাইভারশন দেওয়া হবে।
এই সড়কের গাড়িগুলোকে বিকল্প সড়ক ব্যবহারের নির্দেশনা দেওয়া হয়েছে ডিএমপি থেকে।
এর আগে রোববার কনসার্টটির টিকিটের মূল্য তালিকা প্রকাশ করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। টিকিটের মূল্য সর্বোচ্চ ধরা হয়েছে ১০ হাজার টাকা, আর সর্বনিম্ন এক হাজার টাকা।
২৮ ও ২৯ মার্চ সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে এই টিকিট পাওয়া যাবে।
মোট তিনটি ক্যাটাগরির টিকিট ছেড়েছে বিসিবি। প্রিমিয়াম গোল্ডের টিকিটের মূল্য ১০ হাজার, গোল্ড পাঁচ হাজার, আর ব্রোঞ্জ এক হাজার টাকা। এর মধ্যে প্রিমিয়াম ও গোল্ড টিকিটে মাঠে বসেই দেখা যাবে কনসার্টটি। এক হাজার টাকার টিকিটে কনসার্ট দেখা যাবে গ্যালারি থেকে। এ কনসার্টে প্রথম স্লটে পারফর্ম করবেন বাংলাদেশের শিল্পীরা। আর দ্বিতীয় স্লটে থাকবেন এ আর রহমান।
এদিকে কনসার্টে অংশ নিতে রোববার রাতে ঢাকায় এসে পৌঁছেছেন এ আর রহমান। তিনি উঠেছেন হোটেল সোনারগাঁওয়ে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button