আজহার আলীর ট্রিপল সেঞ্চুরিতে পাকিস্তানের রানের পাহাড়
স্পোর্টস ডেস্ক : আজহার আলীর অপরাজিত ৩০২ রানের ইনিংসের সুবাদে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে রানের পাহাড় গড়েছে পাকিস্তান। ৩ উইকেটে ৫৭৯ রান তুলে প্রথম ইনিংস ঘোষণা করেছে মিসবাহর দল।
সেই ১৯৫৮ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ট্রিপল সেঞ্চুরি করেছিলেন হানিফ মোহাম্মদ। এরপর আর ক্যারিবীয়দের বিপক্ষে কোনো পাকিস্তানি ব্যাটসম্যান ট্রিপল সেঞ্চুরি তো নয়ই, ডাবল সেঞ্চুরিই পাচ্ছিলেন না। দুবাইয়ে সে হতাশা ঘুচিয়ে দিলেন আজহার আলী। আগের দিনের ১৪৬ রানকে পরিণত করলেন ট্রিপল সেঞ্চুরিতে।
দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পাকিস্তানের টেস্টটি দুটি দিক দিয়ে ঐতিহাসিক। নিজেদের ইতিহাসে ৪০০তম টেস্ট খেলার পাশাপাশি এটা নিজেদের এবং এশিয়ার মাটিতে প্রথম দিবা-রাত্রির টেস্ট।
ক্রিকেটের ইতিহাসে দ্বিতীয় দিবা-রাত্রির এই ঐতিহাসিক টেস্টেই কি না গৌরবময় ত্রিপল সেঞ্চুরি করে ফেললেন পাকিস্তানের ওপেনার আজহার আলি। ১৫৬ তম ওভারের তৃতীয় বলে জার্মেইন ব্ল্যাকউডকে কভার অঞ্চল দিয়ে বাউন্ডারির বাইরে পাঠিয়েই ইতিহাসে নাম লিখিয়ে ফেললেন আজহার আলি।
একই সঙ্গে পাকিস্তানের চতুর্থ ব্যাটসম্যান হিসেবে ত্রিপল সেঞ্চুরি করলেন তিনি। ৪৬৯ বলেই গৌরবের মাইলফলক স্পর্শ করেন আজহার।




