জাতীয়শিরোনাম

আগামী ১৫ দিন কঠোরভাবে ঘরে থাকার পরামর্শ

আগামী ১৫ দিনে অতি প্রয়োজন ছাড়া কোনোভাবেই ঘর থেকে বের হওয়া যাবে না বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেছেন, দেশে ধীরে ধীরে করোনাভাইরাসের প্রাদুর্ভাব বৃদ্ধি পাচ্ছে।
সোমবার রাজধানীর মহাখালীতে করোনাভাইরাস প্রতিরোধে করণীয় বিষয় নিয়ে স্বাস্থ্যখাত সংশ্লিষ্ট বিভিন্ন পেশাজীবী সংগঠন ও বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে এক জরুরি বৈঠকে তিনি এ কথা বলেন।
বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান্স অ্যান্ড সার্জন্স (বিসিপিএস) মিলনায়তনে অনুষ্ঠিত এ বৈঠকে মন্ত্রী বলেন, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে আরও ২৯ জন আক্রান্ত হয়েছেন এবং ৪ জনের মৃত্যু হয়েছে।
মন্ত্রী বলেন, ‘আগামী ১০ থেকে ১৫ দিন আমাদের সবার জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোনোভাবেই আগামী ১৫ দিন আমরা যেন কেউ অতি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের না হই। আর একান্তই যদি জরুরি কাজে বের হতেই হয়, তাহলে মুখে মাস্ক ব্যবহার ছাড়া কেউই যেন ঘরের বাইরে বের না হই। সে ব্যাপারে আমাদের সবারই সচেতন থাকতে হবে’।
সভায় নিমস পরিচালক ডা. দীন মোহাম্মদ বর্তমান পরিস্থিতিতে তার উদ্বেগ জানিয়ে এখনই শক্ত অবস্থান নেয়ার অনুরোধ করেন।
বাংলাদেশ মেডিসিন সোসাইটির সাধারণ সম্পাদক অধ্যাপক আহমেদুল কবীর বলেন, ‘দেশে সামনে কঠিন সময় আসছে। এখনই পুরো দেশে লকডাউন করা জরুরি। এখনই পুরো দেশ লকডাউন না করা হলে এই ভাইরাস আগামী ১০ দিনে ভয়াবহ রূপ ধারণ করতে পারে।
পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ দেশের মানুষের কথা বিবেচনা করে স্বাস্থ্যমন্ত্রীকে শক্ত অবস্থানে যাওয়ার অনুরোধ জানান। স্বাস্থ্যমন্ত্রী সবার কথা শোনেন ও দ্রুত প্রয়োজনীয় ব্যাবস্থা নেবেন বলে সকলকে আশ্বস্ত করেন।
সভায় চিকিৎসক পরিষদ নেতৃবৃন্দ চিকিৎসকদের সুযোগ-সুবিধা বৃদ্ধির ব্যাপারেও মন্ত্রীকে অনুরোধ জানান।
বৈঠকে অন্যদের মধ্যে স্বাস্থ্যসেবা বিভাগের সচিব আসাদুল ইসলাম, স্বাস্থ্য শিক্ষা বিভাগের সচিব আলী নূর, বিএমএ সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর আবুল কালাম আজাদ, স্বাচিপ সভাপতি ইকবাল আর্সেনাল, সাধারণ সম্পাদক এম এ আজিজসহ বিভিন্ন অধিদপ্তরের মহাপরিচালক ও বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানের নেতৃবৃন্দসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
খবর: ইউএনবি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button