
মোঃ জাফর আহমেদ কুড়িগ্রাম সংবাদদাতা: কুড়িগ্রাম জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও সুসংহত রাখা, সম্মানিত নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং পুলিশি সেবার মান ও গতিশীলতা বৃদ্ধি করার লক্ষ্যে কুড়িগ্রাম জেলা পুলিশের অভ্যন্তরীণ শৃঙ্খলা, পেশাদারিত্ব, দক্ষতা ও কল্যাণমূলক কার্যক্রমের অংশ হিসেবে ২৯ জুলাই ২০২৬ জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে কুড়িগ্রাম পুলিশ লাইন্স মাঠে অনুষ্ঠিত এ মাস্টার প্যারেডে অভিবাদন গ্রহণ ও প্যারেড পরিদর্শন করেন কুড়িগ্রাম জেলার পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি, পিপিএম।
প্যারেড পরিদর্শনকালে তিনি পুলিশ সদস্যদের শৃঙ্খলা, কর্মদক্ষতা, পেশাদারিত্ব ও দায়িত্বশীলতার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ নিষ্ঠা, সততা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের জন্য সংশ্লিষ্ট সকলকে দিকনির্দেশনা প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মিমতানুর রহমান, পিপিএম, কুড়িগ্রাম সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মাসুদ রানা, নাগেশ্বরী সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ গোলাম মোর্শেদ,ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) ফাহাদ বিন সালাউদ্দিন, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) মোঃ আসাদ আহম্মেদ রনি এবং জেলার বিভিন্ন থানা ও ইউনিটের প্রধানসহ বিভিন্ন ইউনিটে কর্মরত পুলিশ সদস্যবৃন্দ।
মাস্টার প্যারেডে অংশগ্রহণকারী সদস্যদের সুশৃঙ্খল উপস্থিতি, চৌকস কুচকাওয়াজ ও পেশাদার পরিবেশ কুড়িগ্রাম জেলা পুলিশের দক্ষতা ও কর্মস্পৃহাকে আরও একবার তুলে ধরে। নিয়মিত এ ধরনের প্যারেডের মাধ্যমে বাহিনীর শৃঙ্খলা, সক্ষমতা ও জনসেবার মান আরও উন্নত হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।



