sliderস্থানিয়

সালথায় এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

বিধান মন্ডল, ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের সালথায় ডালিম বেগম (৪০) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৮ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার ভাওয়াল ইউনিয়নের তুগোলদিয়া গ্রামের নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত ডালিম বেগম ওই গ্রামের আব্দুল বেপারীর স্ত্রী। তিনি দুই ছেলে সন্তানের জননী।

নিহতের স্বামী আব্দুল বেপারীর অভিযোগ, বুধবার প্রতিবেশী কামরুল মোল্লা, আলম মোল্লার ছেলে ইমামুল মোল্লা ও কল্পনা বেগম তার স্ত্রীকে মারধর করেন। এর আগেও প্রতিবেশীদের সঙ্গে ডালিম বেগমের বিরোধের জেরে তাকে মারধরের ঘটনা ঘটেছিল। বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে শালিশও হয়েছিল। তবে শালিশের পরও বিরোধের সমাধান হয়নি বলে দাবি পরিবারের।

ডালিম বেগমের ভাই সিদ্দিক মোল্লা বলেন, বুধবার তার বোন ফোন করে তাকে জানিয়েছিলেন যে, প্রতিবেশী কামরুল মোল্লা, ইমামুল মোল্লা ও কল্পনা বেগম তাকে মারধর করেছেন। এ সময় তারা তাকে হত্যার হুমকিও দিয়েছেন বলে তার বোন জানিয়েছিলেন।

পরিবারের দাবি, মারধর ও হত্যার হুমকির ঘটনার পরদিন বৃহস্পতিবার সন্ধ্যায় নিজ ঘরের আড়ার সঙ্গে ডালিম বেগমের ঝুলন্ত মরদেহ দেখতে পাওয়া যায়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

তবে ডালিম বেগমের মৃত্যুর প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। এটি আত্মহত্যা নাকি অন্য কোনো কারণে তার মৃত্যু হয়েছে, তা ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পরই নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ।

সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবলুর রহমান খান বলেন, পুলিশ মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ পাঠানোর প্রস্তুতি চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button