অবশেষে চূড়ান্ত হলো মাসুদ রানার নায়ক

কাজী আনোয়ার হোসেনের লেখা ‘বাংলার জেমস বন্ড’ খ্যাত গোয়েন্দা চরিত্র মাসুদ রানাকে নিয়ে গত বছর সিনেমার নির্মাণের ঘোষণা দিয়েছিলো প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া। এরপর থেকেই শুরু হয় নানা জল্পনা-কল্পনা।
কে হচ্ছেন মাসুদ রানা? এমন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে চলচ্চিত্রপ্রেমীদের মনে। অবশেষে চূড়ান্ত হলো সেই মাসুদ রানা।
মডেল ও অভিনেতা এবিএম সুমনই হচ্ছেন মাসুদ রানা। আর তার সঙ্গে থাকছেন সাঞ্জু জন ও পিয়া জান্নাতুল। ছবিতে সোহেল চরিত্রে সাঞ্জু জন আর ক্যাপ্টেন রুপা চরিত্রে কারিশমা দেখাবেন পিয়া।
চলচ্চিত্রটি পরিচালনা করবেন বাংলাদেশি বংশোদ্ভূত হলিউডের ডিরেক্টর আসিফ আকবর।
সংশ্লিষ্ট সুত্র জানিয়েছে, মাসুদ রানার শুটিং হবে মরিশাস, থাইল্যান্ড ও বাংলাদেশে। সিনেমার বাজেট করা হয়েছে প্রায় ১০ মিলিয়ন ডলার বা প্রায় ৮৩ কোটি টাকা। জাজের সঙ্গে ছবিটির সহপ্রযোজক হিসেবে আছে হলিউডের সিলভার লাইন।




