বিনোদন

আইটেম গানে কণ্ঠ দিলেন সালমা

বিনোদন ডেস্ক : এই প্রথমবারের মতো ‘সেলফি কুইন কমলা’ শিরোনামে একটি সিনেমার আইটেম গানে কণ্ঠ দিলেন এ সময়ের জনপ্রিয় কণ্ঠশিল্পী ও ক্লোজআপ ওয়ান তারকা মৌসুমী আক্তার সালমা।
জানা যায়, মাজহার বাবু পরিচালিত ‘ঠোকর’ চলচ্চিত্রের জন্য তৈরি করা হয়েছে গানটি। গত বুধবার রাজধানী মগবাজারের একটি স্টুডিওতে গানটির রেকর্ডিং সম্পন্ন হয়েছে।
লিমন আহমেদের কথায় গানটির সুর করেছেন জিয়াউদ্দিন আলম। সংগীতায়োজনে ছিলেন ওয়াহিদ শাহিন। গানটির কথামালা সাজানো হয়েছে, ‘ডিজিটাল মেয়ে আমি ধার ধারি না কারও/ ফেসবুক, ভাইবার, ইমো আছে আরও/ রঙ বেরঙের সেলফি তুলি সকাল সন্ধ্যা বেলা/ আমি সেলফি কুইন কমলা।’
গান প্রসঙ্গে সালমা বলেন, ‘চলচ্চিত্রের কোনো আইটেম গানে এই প্রথমবারের মতো কন্ঠ দিলাম। আমার ইচ্ছা ছিল এ রকম একটি আইটেম গানে কণ্ঠ দেবো। এই গানের কথা ও সুর আমার পছন্দ হওয়ার পর গানটি করার ইচ্ছা প্রকাশ করি। আমার কাছে গানটি অনেক ভালো লেগেছে। আশা করি, দর্শকদেরও গানটি ভালো লাগবে।’
এ বিষয়ে পরিচালক মাজহার বাবু বলেন, ‘ছবির জন্য একটি আইটেম গান প্রয়োজন ছিল। তবে আমি চেয়েছিলাম ভিন্ন স্বাদের একটি গান করতে। যে গানটিকে দর্শক সহজেই নিজের বলে মনে করবে, চলতে ফিরতে গাইবে। সেই ভাবনা থেকে ‘সেলফি কুইন কমলা’ দারুণ হয়েছে।’
উল্লেখ্য, জীবনঘনিষ্ঠ গল্প নিয়ে নির্মিত হচ্ছে ‘ঠোকর’। যেখানে উঠে আসবে সমাজের করুণ চিত্র। এ ছবিতে অভিনয় করছেন আশরাফ কিটু, পুস্পিতা পপি, শিবাশানু, বড়দা মিঠু, শুভ্রত, রেবেকা প্রমুখ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button