অনেক নাটকীয়তার পর কারাগারে লুলা

ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট ও বামপন্থী নেতা অনেক নাটকীয় ঘটনার পর অবশেষে শনিবার কিউরিতিবা কারাগারে পৌঁছেছেন। দুর্নীতির দায়ে আদালত তাকে ১২ বছরের কারাদণ্ড দিয়েছে।
ব্রাজিলে দুইবারের প্রেসিডেন্ট এবং বিশ্বের অন্যতম বিপুল জনপ্রিয় ৭২ বছর বয়সের লুলা শনিবার পুলিশের হেলিকপ্টারে করে দেশটির দক্ষিণের শহর কিউরিতিবা পুলিশ সদর দফতরের ছাদে অবতরন করেন।
শহরটিতে লুলার পৌঁছানোর পর দিনব্যাপী পুলিশের সাথে তার সমর্থকদের সংঘর্ষ, যানবাহনে অগ্নিসংযোগ, টিয়ারগ্যাস নিক্ষেপ, লাঠির্চাজ, গ্রেফতারের ঘটনা ঘটে।
সংঘর্ষের সময় আটজন আহত হন। একজন রাবার বুলেটবিদ্ধ হয়েছে।
আদালতের রায় ঘোষণার পরবর্তী গত চার দিনে ব্রাজিলে যে অশান্ত পরিস্থিতি চলছিল লুলার কারাগারে যাওয়ার মধ্যদিয়ে কার্যত তার অবসান হলো। ওয়ার্কাস পার্টির প্রতিষ্ঠাতা লুলাকে শেষপর্যন্ত কারাগারে নেয়ার বিষয় নিয়ে বড় ধরনের অনিশ্চিত পরিস্থিতি তৈরি হয়।
লুলার বিরুদ্ধে একটি নির্মাতা প্রতিষ্ঠানের কাছ থেকে ঘুষ হিসেবে বিলাসবহুল একটি এপার্টমেন্ট নেয়ার অভিযোগ আনা হয়। আদালতে তিনি দোষী সাব্যস্ত এবং কারাদণ্ডে দণ্ডিত হন।
এএফপি



