sliderজাতীয়শিরোনাম

অংশ নিচ্ছে ৫১ নিবন্ধিত দল সর্বোচ্চ প্রার্থী বিএনপির

পতাকা ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিবন্ধিত ৫৯ দলের মধ্যে ৫১টি দল অংশ নিচ্ছে। এসব দলের মোট ২ হাজার ৯০ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। আর ৪৭৯ স্বতন্ত্র প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। তাদের মধ্যে অনেকেই বিএনপিসহ বিভিন্ন দল থেকে বঞ্চিত হয়ে মনোনয়নপত্র দাখিল করেন। দলীয় ও স্বতন্ত্র মোট প্রার্থীর সংখ্যা ২ হাজার ৫৬৯।

গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৮টায় নির্বাচন কমিশন (ইসি) থেকে এসব তথ্য জানানো হয়। সোমবার বিকেল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ছিল। গত ১১ ডিসেম্বর নির্বাচনের তপশিল ঘোষণার পর থেকে মনোনয়নপত্র সংগ্রহ ও জমাদান কার্যক্রম শুরু হয়।

এদিকে দলগতভাবে বিএনপি থেকে সর্বোচ্চ সংখ্যক প্রার্থীর মনোনয়নপত্র জমা পড়েছে। ৩০০টি আসনে দলটি ৩৩১ জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল করেছে। দ্বিতীয় সর্বোচ্চ মনোনয়নপত্র দাখিল করেছে জামায়াতে ইসলামী। তাদের প্রার্থী ২৭৬ জন। এ ছাড়া চরমোনাইর পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীমের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন বাংলাদেশ ২৬৮, জি এম কাদেরের নেতৃত্বাধীন জাতীয় পার্টি ২২৪ এবং নুরুল হক নুরের নেতৃত্বাধীন গণঅধিকার পরিষদ ১০৪ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল করেছে। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ৪৪ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছে। বাকি দলগুলোর প্রার্থী সংখ্যা একশর নিচে।

ইসির তথ্যমতে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত রয়েছে। নিবন্ধিত আটটি দলের কোনো প্রার্থী নেই। যার মধ্যে চারটিই হচ্ছে আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের শরিক দল। দলগুলো হচ্ছে– বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, বাংলাদেশের সাম্যবাদী দল, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি এবং তরীকত ফেডারেশন।

এদিকে ১৪ দলের নিবন্ধিত সাত শরিকের মধ্যে জাতীয় পার্টির (জেপি) ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদের নেতৃত্বাধীন জাপাসহ কয়েকটি দল জোটবদ্ধ হয়ে নির্বাচনে অংশ নিচ্ছে। ১৪ দলের আরেক শরিক জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) সোমবার নির্বাচনে অংশ না নেওয়ার কথা জানায়। কিন্তু গতকাল ইসি প্রকাশিত তালিকায় দেখা গেছে, জাসদের হয়ে সাতজন প্রার্থী দেশের বিভিন্ন আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন। আরেক শরিক দল গণতন্ত্রী পার্টি থেকে একজন মনোনয়নপত্র জমা দিয়েছেন।

কোন দলের কত প্রার্থী
নিবন্ধনের ক্রম অনুযায়ী লিবারেল ডেমোক্রেটিক পার্টি থেকে ২৪, জাতীয় পার্টি (জেপি) থেকে ১৩, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি ৬৫, বিএনপি ৩৩১, গণতন্ত্রী পার্টি ১, জাতীয় পার্টি ২২৪, জাতীয় সমাজতান্ত্রিক দল ৭, জামায়াতে ইসলামী ২৭৬, জাতীয় সমাজতান্ত্রিক দল ৭, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) ৪১, বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) ৩, বাংলাদেশ খেলাফত আন্দোলন ১১, বাংলাদেশ মুসলিম লীগ ১৪, ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) ২৩, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ৫, গণফোরাম ২৩ ও গণফ্রন্ট থেকে ৬ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।
এ ছাড়া বাংলাদেশ ন্যাপ থেকে ১, বাংলাদেশ জাতীয় পার্টি ৫, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ ২২, বাংলাদেশ কল্যাণ পার্টি ৩, ইসলামী ঐক্যজোট (আইওজে) ৩, বাংলাদেশ খেলাফত মজলিস ৯৪, ইসলামী আন্দোলন বাংলাদেশ ২৬৮, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট (বিআইএফ) ২৭, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) ৩, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি ৭, খেলাফত মজলিস ৬৮, বাংলাদেশ মুসলিম লীগ (বিএমএল) ৭, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট (মুক্তিজোট) ২০, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ) ৯, জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম) ৮, বাংলাদেশ কংগ্রেস ১৮, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ ৪২, বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল (বাংলাদেশ জাসদ) ৯ এবং বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি) থেকে ২১ জন প্রার্থী হয়েছেন।

এ ছাড়া আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) ৫৩, গণঅধিকার পরিষদ (জিওপি) ১০৪, নাগরিক ঐক্য ১১, গণসংহতি আন্দোলন ১৮, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি ২, বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি (বিএমজেপি) ৯, বাংলাদেশ লেবার পার্টি ১৯, বাংলাদেশ রিপাবলিক্যান পার্টি (বিআরপি) ১৩, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ৪৪, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী) ৩০, জনতার দল ২৩, আমজনতার দল ১৭, বাংলাদেশ সমঅধিকার পার্টি (বিইপি) ১ এবং বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির ৬ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন।

স্বতন্ত্ররা কে কোথায়
স্বতন্ত্র ৪৭৯ জনের মধ্যে রংপুর অঞ্চলে ৪৫, রাজশাহীতে ৪৩, খুলনায় ৫৩, বরিশালে ২৬, ময়মনসিংহে ৭৪, ঢাকায় ৭২, ফরিদপুরে ৪২, সিলেটে ২৬, কুমিল্লায় ৬৮ এবং চট্টগ্রাম অঞ্চলে ২৯ জন স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন।

ঢাকার ২০ আসনে বাছাই ৩ জানুয়ারি
ঢাকা জেলার ২০টি আসনে মনোনয়নপত্র বাছাই হবে আগামী ৩ জানুয়ারি। এর আগে মনোনয়নপত্র জমাদানের শেষ দিন সোমবার পর্যন্ত এই ২০টি আসনে মোট ২৪৮ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছিলেন।

খালেদা জিয়ার ৩ আসনে ভোট স্থগিত হচ্ছে না
প্রয়াত বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র জমা দেওয়া তিনটি আসনের কোনোটিতেই ভোট গ্রহণ স্থগিত হচ্ছে না। ঘোষিত তপশিলের কোনো পরিবর্তনও আনতে হচ্ছে না। নির্বাচন কমিশন (ইসি) থেকে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার নির্বাচন কমিশনার আবদুর রহমানেল মাছউদ সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, খালেদা জিয়ার মৃত্যুর পর মঙ্গলবার থেকে মনোনয়নপত্র যাচাই শুরু হয়েছে। স্বাভাবিকভাবেই তার নামে জমা দেওয়া মনোনয়নপত্র বৈধ হওয়ার সুযোগ নেই।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button