পহেলা বৈশাখের মোটিফ বানানো চিত্রশিল্পীর বাড়িতে দুর্বৃত্তদের আগুন

মানিকগঞ্জ প্রতিনিধি: পহেলা বৈশাখে ‘ফ্যাসিস্ট হাসিনার মোটিফ’ বানানো চিত্রশিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার দিবাগত রাতে মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
এবার ঢাকায় বর্ষবরণ আনন্দ শোভাযাত্রায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখের আদলে ‘ফ্যাসিস্ট হাসিনার মোটিফ’ বানানো হয়। ধারণা করা হচ্ছে মোটিফ তৈরির কাজে যুক্ত থাকার কারণে তার বাড়িতে আগুন দেওয়া হতে পারে।
এ বিষয়ে মানবেন্দ্র বলেন, ‘পহেলা বৈশাখের দুই দিন আগে থেকেই আমাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় অপপ্রচার রটানো হয়। সেখানে বলা হচ্ছিল পতিত সরকার শেখ হাসিনার মুখাকৃতি আমি বানাচ্ছি। এটা আমি বানিয়ে অন্যায় করেছি এবং আমার নাম ঠিকানা ব্যবহার করে বিভিন্ন আইডি থেকে এমনটা প্রচার করা হয়েছে। সেখানে নেটিজেনরা বিরূপ মন্তব্য করেছে। আসলে এই ঘটনা সত্য নয়। আমি শেখ হাসিনার মুখাকৃতি তৈরি করিনি বরঞ্চ আমি একটি বাঘের অবয়ব তৈরি করেছি। আমার সাথে চক্রান্ত করে এমনটা করা হয়েছে। আমিসহ আমার পরিবার জীবনের নিরাপত্তায় ভুগছি। এই মুহূর্তে সরকারের হস্তক্ষেপ কামনা করছি।’
চিত্রশিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়ি এবং সাবেক স্বাস্থ্য মন্ত্রী জাহিদ মালেকের বাড়ি একই এলাকায়। ধারণা করা হচ্ছে নেট দুনিয়ায় ছড়িয়ে যাওয়ার পর শেখ হাসিনার মুখাকৃতি তৈরির ক্ষোভ থেকে এই ঘটনা ঘটতে পারে বলে ধারণা করছেন তার পরিবার এবং স্বজনেরা।
এদিকে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন মানিকগঞ্জ সদর অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সালাউদ্দিন ও জেলা প্রশাসক মানোয়ার হোসেন মোল্লা।ঘটনাস্থল পরিদর্শন করে জেলা প্রশাসক মানোয়ার হোসেন মোল্লা বলেন, ‘ঘটনা অনুসন্ধানে পুলিশ এবং সিআইডির চৌকস টিম কাজ করছে। আমরা আশাবাদী দ্রুত ঘটনা অনুসন্ধান করে অগ্নিকাণ্ডের সঠিক কারণ সম্পর্কে জানতে পারব। কারণ জানার পর আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব।’
এ বিষয়ে মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমান উল্লাহ বলেন, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। দ্রুতই এর রহস্য উদ্ঘাটন হবে।




