গুলশান ট্রাজেডি : এসি রবিউলের ম্যুরাল উদ্বোধন

নিজস্ব প্রতিনিধি, মানিকগঞ্জ: গুলশান হলি আর্টিজানে জঙ্গি হামলার ঘটনায় নিহত ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সিনিয়র সহকারী কমিশনার রবিউল করিম স্মরণে ম্যুরাল উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে পুলিশ সুপার মাহফুজুর রহমান মানিকগঞ্জ পুলিশ লাইনে ম্যুরালটির উদ্বোধন করেন। একই সঙ্গে পুলিশ লাইনসের প্রধান গেটের নামকরণও করা হয় তার নামে।
ম্যুরাল উদ্বোধনের সময় রবিউল করিমের স্ত্রী উম্মে সালমা, মা করিমুন্নেসা, ছোট ভাই শামসুজ্জামান শামস সহ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারাও অংশ নেন। পুলিশ সুপার মাহফুজুর রহমান বলেন, দেশের জন্য রবিউলের আত্মত্যাগের জন্যই তার স্মরণে এই ম্যুরাল তৈরি করা হয়েছে। যতদিন পুলিশ লাইনস থাকবে ততদিন থাকবে রবিউলের নামও। রবিউলের স্ত্রী উম্মে সামলা জানান, যে চলে গেছে সে তো আর কোনো দিন ফিরে আসবে না।




