৩৫ বলে সেঞ্চুরি করে রেকর্ড বইয়ে পাকিস্তানের খুশদিল

পাকিস্তানে চলতি ঘরোয়া ক্রিকেট প্রতিযোগিতা ন্যাশনাল টি-টোয়েন্টি কাপে শুক্রবার ব্যাট হাতে অগ্নিমূর্তি ধারণ করেছিলেন খুশদিল শাহ। এদিন ৩৫ বলে সেঞ্চুরি হাঁকিয়ে জায়গা করে নিয়েছেন রেকর্ড বইয়ে।
শুক্রবার সিন্ধুর বিপক্ষে ২ উইকেটের জয়ের ম্যাচে সাউদার্ন পাঞ্জাবের হয়ে ৩৫ বলে সেঞ্চুরি হাঁকান খুশদিল। তার ১০০ রানের ইনিংসটি ছিল নয়টি ছক্কা ও আটটি চারে সাজানো।
পাকিস্তানী ব্যাটসম্যানদের মধ্যে টি-টোয়েন্টিতে দ্রুততম সময়ে রেকর্ড গড়ার কীর্তিটি এখন ২৫ বছর বয়সী ক্রিকেটারের ঝুলিতে। এর আগে রেকর্ডটি ছিল আহমেদ শেহজাদের দখলে। ২০১২ সালে বিপিএল টি-টোয়েন্টিতে ৪০ বলে সেঞ্চুরি হাঁকিয়েছিলেন তিনি।
টি-টোয়েন্টিতে সব মিলিয়ে এটা পঞ্চম দ্রুততম সেঞ্চুরি। ৩০ বলে তিন অঙ্ক স্পর্শ করে এই তালিকায় সবার ওপরে ক্রিস গেইল। এরপর রয়েছেন রিশাভ পন্ত (৩২), উইহান লুবে (৩৩) এবং অ্যান্ড্রু সাইমন্ডস (৩৪)।




