খেলা

আরব আমিরাতেই বসবে আইপিএল

টি-টোয়েন্টি বিশ্বকাপ স্থগিত হওয়ায় সেই উইন্ডোতে আইপিএল আয়োজনের জোর প্রস্তুতি চালাচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। মার্চে শুরু হওয়ার কথা থাকলেও করোনার কারণে আইপিএল এখনো শুরু হতে পারেনি। স্থগিত থাকা এই আসর সংযুক্ত আরব আমিরাতে হতে পারে বলে গুঞ্জন ছিল। আইপিএল গর্ভনিং কাউন্সিলের চেয়ারম্যান ব্রিজেশ প্যাটেল এবার নিশ্চিত করলেন, আরব আমিরাতেই বসবে এবারের আইপিএল।
গর্ভনিং কাউন্সিলের পরবর্তী সভায় এ ব্যাপারে চূড়ান্ত ঘোষণা আসবে বলে ক্রিকইনফো তাদের প্রতিবেদনে উল্লেখ করেছে। ব্রিজেশ প্যাটেল জানিয়েছেন, আরব আমিরাতেই আইপিএল করার জন্য সরকারের থেকে অনুমতি চাওয়া হয়েছে। তবে এখনো কবে আইপিএল শুরু হবে তা ঠিক করেনি বিসিসিআই।
তবে প্যাটেল জানিয়েছেন খুব সম্ভবত সেপ্টেম্বরে শুরু করা হবে এই লিগ। বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, ২৬ সেপ্টেম্বর থেকে ৮ নভেম্বর হতে পারে আইপিএলের আসর।
আইপিএল না করলে ৫৩৬ মিলিয়ন ডলার রাজস্ব ক্ষতি হবে বিসিসিআইয়ের। তাই আইপিএল করতে মরিয়া ভারতীয় বোর্ড। তারা অপেক্ষায় ছিল টি-টোয়েন্টি বিশ্বকাপ স্থগিতের।
সোমবার টি-টোয়েন্টি বিশ্বকাপ স্থগিত হওয়াতে এখন আর আইপিএল আয়োজনে বাধা নেই বিসিসিআইয়ের সামনে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button