নগরীর জলাবদ্ধতা নিরসন ও মেয়রের পদত্যাগের দাবীতে রংপুরে মানববন্ধন

রংপুর প্রতিনিধি : নগরীর জলাবদ্ধতা নিরসন, সড়ক সংস্কার, মেয়রের স্বজনপ্রীতির অভিযোগসহ বিভিন্ন দাবীতে মঙ্গলবার দুপুরে রংপুর প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও সমাবেশ করে রংপুর মহানগর উন্নয়ন ফোরাম।
মানববন্ধনে বক্তব্য রাখেন রংপুর মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডল, রংপুর মহানগর আওয়ামীলীগের ২৪ নম্বর ওযার্ড আওয়ামীলীগের সভাপতি রফিকুল আলম সেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক রমজান আলী তুহিন, মহিলা আওয়ামীলীগ নেত্রী ইরা হক, নাজনিন মালা প্রমুখ।এসময় তারা মেয়রের পদত্যাগের দাবী জানিয়ে বলেন, আগামী এক মাসের মধ্যে মেয়র নগরীর জলাবদ্ধতা নিরসন করতে না পারলে তার বিরুদ্ধে লাগাতার আন্দোলন চলবে।
বক্তারা বলেন, রংপুর সিটি করপোরেশনের মেয়রের উদাসিনতার কারণে নগরীর ৩৩টি ওয়ার্ডের বেশিরভাগ মানুষ জলাবদ্ধতার কারণে হাটু থেকে কোমর পানির নীচে বসবাস করছেন। নগরীতে ড্রেনেজ ব্যবস্থারও নাজুক অবস্থা। সামান্য বৃষ্টিতে তলিয়ে যাচ্ছে নগরীর বেশির ভাগ এলাকা। মেয়রের ব্যর্থতার কারণে নগরবাসী বিভিন্ন সেবা থেকে বঞ্চিত হচ্ছে।
বক্তারা আরো বলেন, মেয়র রংপুর সিটি করপোরেশনকে দলীয় কার্যালয়ে পরিনত করেছেন। তার আত্মীয় স্বজনের দাপটে সেখানকার কর্মকর্তা ও কর্মচারীরা অসহায়। তারা অবিলম্বে এসব নিরসনেরও দাবী জানান।




