মির্জাপুরে পুলিশ সদস্যসহ ১৫ জনের করোনা শনাক্ত

টাঙ্গাইলের মির্জাপুরে পুলিশের এক কনস্টেবলসহ নতুন করে আরও ১৫ জন করোনাভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে। এ নিয়ে মির্জাপুরে ১১১ জনের করোনা শনাক্ত হয়েছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র মতে, গত ১২ জুন ঢাকার জনস্বাস্থ্য ইনস্টিটিউটে ২৯ জনের নমুনা পাঠানো হয়। সেখান থেকে শুক্রবার ওই ১৫ জন করোনা পজিটিভ বলে জানানো হয়।
নতুন আক্রান্তদের মধ্যে মির্জাপুর থানার কনস্টেবল (৫৫), উপজেলা সদরের কলেজ রোডের এজন বাসিন্দা (৮৫), তার দুই নাতনি (১৫), পল্লী বিদ্যুতের তিন কর্মচারী, সদরের পোস্টকামুরী গ্রামের একজন (৩০), আরেক ব্যক্তি (৬৫), তার স্ত্রী (৪৫), ইউনিয়ন পাড়ার একজন (৩১), ভাদগ্রাম ইউনিয়নের কুইচতারা গ্রামের একজন (৩৫), আজগানা ইউনিয়নের বেলতৈল গ্রামের একজন (৫৩), তরফপুর ইউনিয়নের ডোহাতলী গ্রামের এক নারী (৩০) ও গোড়াই শিল্পাঞ্চলের একটি কারখানার একজন (৩২) রয়েছেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাকসুদা খানম বিষয়টি নিশ্চিত করে বলেন, আক্রান্তদের বাসা-বাড়িসহ আশপাশের বাড়ি লকডাউনের প্রস্তুতি চলছে।
মির্জাপুরে এ পর্যন্ত আক্রান্ত ১১১ জনের মধ্যে চারজন মারা গেছেন। আর সুস্থ হয়েছেন ২৯ জন। অন্যরা নিজের বাড়িতে এবং মির্জাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।




