sliderস্থানিয়

ঠাকুরগাঁওয়ে ট্যাপেন্টাডলসহ আটক ২

মোঃ ইসলাম, ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ২৯০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, একটি মোটরসাইকেল, দুটি বাটন মোবাইল ফোন ও দুটি সিম কার্ডসহ দুইজনকে আটক করেছে ঠাকুরগাঁও ব্যাটালিয়ন (৫০ বিজিবি)।

বিজিবি সূত্রে জানা যায়, নিজস্ব গোয়েন্দা তথ্য ও সিভিল সোর্সের তথ্যের ভিত্তিতে রোববার (৪ অক্টোবর) রাত আনুমানিক ১১টার দিকে ধর্মগড় বিওপির মলানী লজিস্টিক ক্যাম্পের বিশেষ টহলদল অভিযান পরিচালনা করে। হাবিলদার মোঃ বুলবুল আহমেদের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে সীমান্ত পিলার ৩৭৩/১-এস থেকে প্রায় ৩ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে ‘চিকনি’ নামক এলাকায় অভিযান চালানো হয়।

অভিযানে দুইজনকে আটক করা হয়। আটকরা হলেন—বালিয়াডাঙ্গী উপজেলার কাশুয়া খাদেমগঞ্জ গ্রামের মৃত শের আলীর ছেলে মোঃ গোলাম মোস্তফা (৩৮) এবং উদয়পুর গ্রামের মোঃ শামউদ্দিনের ছেলে মোঃ আনছারুল হক (৩৫)।

এ সময় তাদের কাছ থেকে ২৯০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, দুটি বাটন মোবাইল ফোন, দুটি মোবাইল সিম কার্ড এবং একটি HERO HF DELUXE ১০০ সিসি মোটরসাইকেল জব্দ করা হয়।

বিজিবি জানিয়েছে, জব্দ করা ট্যাপেন্টাডল ট্যাবলেটের আনুমানিক মূল্য ৮৭ হাজার টাকা। দুটি মোবাইল ফোনের মূল্য ২ হাজার টাকা, দুটি সিম কার্ডের মূল্য ৬০০ টাকা এবং মোটরসাইকেলটির মূল্য ১ লাখ ১৪ হাজার ৫০০ টাকা। সব মিলিয়ে জব্দ করা মালামালের মোট মূল্য ২ লাখ ৪ হাজার ১০০ টাকা।

ঠাকুরগাঁও ব্যাটালিয়ন (৫০ বিজিবি) জানায়,সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের পাশাপাশি নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদকদ্রব্য, চোরাচালান, মানব পাচার ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এ ছাড়া সীমান্ত এলাকার নিরাপত্তা ও সামাজিক শান্তিশৃঙ্খলা বজায় রাখতে স্থানীয় জনগণকে যেকোনো সন্দেহজনক কর্মকাণ্ড বা মাদক ও চোরাচালান সংক্রান্ত তথ্য দিয়ে বিজিবিকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছে ৫০ বিজিবি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button