ভাঙ্গনের কবল থেকে আরিচাঘাটকে রক্ষায় এগিয়ে এলেন এমপি দুর্জয়

নিজস্ব প্রতিনিধি : যমুনার নদীর ভাঙ্গনের কবল থেকে ঐতিহ্যবাহি আরিচা ঘাটকে রক্ষায় এগিয়ে এসেছেন মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও বিসিবি পরিচালক এমএম নাঈমুর রহমান দুর্জয়। তিনি নিজে যমুনা নদীতে বালুর বস্তা ফেলে ভাঙ্গনরোধ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
এসময় এমপি দুর্জয় বলেছেন, নদী ভাঙ্গন রোধ ও তীর রক্ষায় সরকার নানাবিধ কার্যক্রম অব্যাহত রেখেছেন। বিশেষ করে পদ্মা-যমুনা বেষ্টিত মানিকগঞ্জের শিবালয়, ঘিওর ও দৌলতপুরে নদী ভাঙ্গন রোধে স্থায়ী সমাধানে মাননীয় প্রধানমন্ত্রীকে ইতোমধ্যে অবহিত করা হয়েছে। যার প্রতিশ্রুতিতে এ অঞ্চলের চিহ্নিত কয়েকটি পয়েন্টে প্রাথমিকভাবে জিও ব্যাগ ফেলে তীর রক্ষার চেষ্টা চলছে।
তিনি শনিবার দুপুরে শিবালয়ের আরিচা ঘাট রক্ষায় নদী ভাঙ্গন রোধ প্রকল্প কাজের উদ্বোধন শেষে সাংবাদিকদের এ কথা জানান। এসময় পানি উন্নয়ন বোর্ড মানিকগঞ্জ অঞ্চলের নির্বাহী প্রকৌশলী মোঃমাঈন উদ্দিন, শিবালয় উপজেলা নির্বাহী অফিসার এএফএম ফিরোজ মাহমুদ, সহকারী কমিশনার (ভুমি) মো. জাকির হোসেন, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক তায়েবুর রহমান টিপু, জেলা যুবলীগ আহবায়ক আব্দুর রাজ্জাক রাজা, যুগ্ন আহবায়ক মাহাবুবুর রহমান জনি, শিবালয় উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক এমএম কুদ্দুসসহ স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ও ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এমপি দুর্জয় বলেন, নদী ভাঙ্গন এ অঞ্চলের মানুষের জন্য সব চাইতে বড় সমস্যা। এ সমস্যা সমাধানে স্থায়ী ব্যবস্থা গ্রহন করা হবে। সরকারের পরিকল্পনানুযায়ী ড্রেজিং এর মাধ্যমে নদীর মূল স্রোতধারাকে দুভাগে প্রবাহিত করাসহ তীরে স্থায়ী বাঁধ নির্মিত হবে। যার ফলে, ভাঙ্গন রোধ ও নদী তীর রক্ষার পাশাপাশি জেগে উঠা ভূমি চাষাবাদসহ নানা কাজে ব্যবহৃত হবে। স্থানীয়রা ভূমি পূণরুদ্ধারসহ সার্বিক অর্থনৈতিক ভাবেও লাভবান হবে।




