
মো.শাহাদাত হোসেন মনু,ঝালকাঠি: ঝালকাঠির নলছিটিতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে পাঁচটি ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ১৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (৩ আগস্ট) বেলা ১১টার দিকে উপজেলার নাচনমহল বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, ঝালকাঠি জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সাফিয়া সুলতানা।
অভিযানে মেয়াদোত্তীর্ণ পণ্য সংরক্ষণ ও বিক্রির দায়ে মা মেডিকেল হল-কে ১২ হাজার টাকা, বিশ্বাস মেডিকেল হল-কে ১ হাজার টাকা এবং শাহ আলম স্টোর-কে ১ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া মূল্যতালিকা প্রদর্শন না করায় লাইভ বেকারি-কে ৩ হাজার টাকা এবং রাকিব স্টোর-কে ১ হাজার টাকা জরিমানা করা হয়। সব মিলিয়ে পাঁচটি প্রতিষ্ঠানের কাছ থেকে মোট ১৮ হাজার টাকা অর্থদন্ড আদায় করা হয়।
সহকারী পরিচালক সাফিয়া সুলতানা জানান, নাচনমহল বাজারে পরিচালিত অভিযানে মেয়াদোত্তীর্ণ পণ্য সংরক্ষণ এবং মূল্যতালিকা প্রদর্শন না করার অভিযোগে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে।
তিনি আরও জানান, ভোক্তাদের স্বার্থ রক্ষা এবং বাজারে শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে অব্যাহত থাকবে।




