পুষ্টির ঘাটতি পূরণে মানিকগঞ্জে মুরগীর ডিম বিতরণ

নিজস্ব প্রতিনিধি : পুষ্টির ঘাটতি পূরণে এবার মানিকগঞ্জে এক জনপ্রতিনিধি সদর উপজেলার ৬ শতাধিক ব্যক্তির মাঝে মুরগীর ডিম বিতরণ করেছেন।
সদর উপজেলা ভাইস-চেয়ারম্যান আব্দুল লতিফ তোতা এই ব্যতিক্রমি উদ্যোগ নিয়েছেন। বাদ যাননি গনমাধ্যমের কর্মীরাও। উপজেলা ব্যাপী কার্যক্রমের অংশ হিসেবে গনমাধ্যম কর্মীদের মাঝে আজ (রোববার) সকাল ১১টায় দেড় হাজার পিস ডিম হস্তান্তর করা হয়।
মানিকগঞ্জ প্রেসক্লাব কর্তৃপক্ষের হাতে এসব ডিম হস্তান্তর করেন ভাইস চেয়ারম্যান আব্দুল লতিফ তোতা । মানিকগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি গাজী ওয়াজেদ আলম লাবলু, সাধারণ সম্পাদক বিপ্লব চক্রবর্তী, সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বিশ্বাসসহ সাংবাদিক নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।
ভাইস চেয়ারম্যান আব্দুল লতিফ তোতা বলেন, সংবাদ কর্মীরা সবকাজে সবার আগে থাকেন। তারা করোনা সংকটকালেও জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছেন। সেই ভাবনা থেকেই তিনি নিজ খরচে
সংবাদ কর্মীদের জন্য দেড় হাজার ডিম দিলেন। এর আগে তিনি কর্মহীন মানুষের কথা ভেবে ৬ শতাধিক ব্যক্তিকে বাড়িতে বাড়িতে গিয়ে ১৮ হাজার ডিম প্রদান করেন।



