
ভারতে করোনাভাইরাসে (কভিড-১৯) আক্রান্তের সংখ্যা নয় হাজার ছাড়িয়েছে। সেইসঙ্গে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩৩২ জনে।
রবিবার সকালে দ্য হিন্দুর লাইভ আপডেটে জানানো হয়, ভারতে মোট করোনা আক্রান্ত ৯ হাজার ২০৫ জন। মারা গেছেন ৩৩২ জন।
এই সময় জানিয়েছে, করোনা আক্রান্ত রাজ্যের তালিকায় এবার যুক্ত হয়েছে নাগাল্যান্ড। দেশের বিভিন্ন স্থানে সংক্রমণের ঘটনা ঘটলেও এতদিন উত্তরপূর্বের এই রাজ্যে হানা দিতে পারেনি করোনা। রবিবার প্রথম করোনা রোগী শনাক্ত হয়েছে সেখানে।
রবিবার একদিনে বিভিন্ন রাজ্যে আরও ৭৬৩ জন নতুন করোনা রোগী শনাক্ত হয়। প্রাণঘাতী এই ভাইরাসের বলি হয়েছেন আরও ৩৯ জন।
ভারতে সর্বাধিক করোনা আক্রান্ত রাজ্য মহারাষ্ট্র। রাজ্যে রবিবার আরও ২২১টি নতুন সংক্রমণের ঘটনা শনাক্ত হয়েছে। এদিন মৃত্যু হয়েছে আরও ২২ জনের। এনিয়ে রাজ্যটিতে মোট করোনা আক্রান্ত বেড়ে ১ হাজার ৯৮২ জনে দাঁড়িয়েছে। মারা গেছেন ১৪৯ জন।
এছাড়া ভারতের বাণিজ্যনগরী মুম্বাইয়ে আরও ১৬ জন প্রাণ হারিয়েছেন করোনায়। সেখানে নতুন করে ১৫২ জন করোনা আক্রান্ত হয়েছেন।




