পতাকা ডেস্ক: ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবনে অগ্নিকাণ্ডের পর আতঙ্কে সিঁড়ি দিয়ে নামার সময় পদদলিত হয়ে নারী শিশুসহ ছয়জনের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)।
এ ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জানিয়ে এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু ও সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ এক যৌথ বিবৃতিতে বলেন, হাসপাতালের মতো জীবন রক্ষার প্রতিষ্ঠানে অগ্নিকাণ্ড ও জরুরি পরিস্থিতিতে মানুষের নিরাপদে বের হওয়ার কার্যকর ব্যবস্থা না থাকা কোনোভাবেই স্বাভাবিক বা গ্রহণযোগ্য নয়।
নেতৃবৃন্দ বলেন, শুধু আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে তা তদন্ত করলেই দায়িত্ব শেষ হবে না। হাসপাতাল ভবনের অগ্নিনিরাপত্তা ব্যবস্থা, জরুরি বহির্গমন পথ, অগ্নিনির্বাপণ সরঞ্জাম, বৈদ্যুতিক নিরাপত্তা, জরুরি মহড়া এবং হাসপাতাল কর্তৃপক্ষের প্রস্তুতি ও দায়িত্ব পালনে কোনো গাফিলতি ছিল কি না! তা নিরপেক্ষ ও পূর্ণাঙ্গ তদন্তের মাধ্যমে নির্ধারণ করতে হবে।
তাঁরা আরো জানান, একটি হাসপাতাল যেখানে প্রতিদিন অসংখ্য রোগী, স্বজন, চিকিৎসক, নার্স ও কর্মচারী অবস্থান করেন, সেখানে অগ্নিনিরাপত্তার সামান্য ঘাটতিও প্রাণঘাতী হয়ে উঠতে পারে। অথচ প্রতিটি সরকারি হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা নিয়মিত পরিদর্শন ও কার্যকর রাখার দায়িত্ব সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও সরকারের।
এবি পার্টির নেতারা সরকারের কাছে নিম্নলিখিত দাবি জানান
১. ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে অগ্নিকাণ্ড ও প্রাণহানির ঘটনায় স্বাধীন, নিরপেক্ষ ও দ্রুত তদন্ত কমিটি গঠন করতে হবে।
২. দেশের সব সরকারি-বেসরকারি হাসপাতালের অগ্নিনিরাপত্তা ও জরুরি বহির্গমন ব্যবস্থা জরুরি ভিত্তিতে পরিদর্শন ও অডিট করতে হবে।
৩. হাসপাতালগুলোতে নিয়মিত ফায়ার ড্রিল, জরুরি উদ্ধার মহড়া ও কর্মীদের প্রশিক্ষণ বাধ্যতামূলক করতে হবে।
৪. নিহতদের পরিবারকে যথাযথ রাষ্ট্রীয় সহায়তা ও ক্ষতিপূরণ এবং আহতদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করতে হবে।
নেতৃবৃন্দ আরো বলেন, মানুষ চিকিৎসা নিতে হাসপাতালে গিয়ে মৃত্যুর ফাঁদে পড়বে,এটি কোনো সভ্য রাষ্ট্রে মেনে নেওয়া যায় না। হাসপাতালকে নিরাপদ রাখতে ব্যর্থতা নিছক প্রশাসনিক ত্রুটি নয়, এর সঙ্গে মানুষের জীবন-মৃত্যুর প্রশ্ন জড়িত। তাই এই ঘটনায় প্রকৃত কারণ ও দায়ীদের আড়াল না করে স্বচ্ছ তদন্ত, দায় নির্ধারণ এবং কার্যকর জবাবদিহি নিশ্চিত করতে হবে।
এবি পার্টি নিহতদের পরিবারের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করছে এবং ভবিষ্যতে এমন মর্মান্তিক ঘটনার পুনরাবৃত্তি রোধে সরকারকে অবিলম্বে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাচ্ছে।