শিরোনাম

দুই আওয়ামী লীগ নেতার ‘ভয়ে’ ত্রাণ বিতরণ বন্ধ

করোনারভাইরাস পরিস্থিতিতে অসহায় মানুষদের ত্রাণ দিতে চেয়েছিল খুলনার ডুমুরিয়া উপজেলা ‘রাইচ মিল মালিক সমিতি’। কিন্তু স্থানীয় দুই আওয়ামী লীগ নেতার ‘ভয়ে’ ত্রাণ দিতে পারেননি তারা। ৯ এপ্রিল, বৃহস্পতিবার উপজেলার আটলিয়া ইউনিয়নের শতাধিক পরিবারকে ত্রাণসামগ্রী বিতরণের জন্য সকল প্রস্তুতিও সম্পন্ন করেও ত্রাণ দেয়া যায়নি।
মালিক সমিতির নেতাদের অভিযোগ, সকালে হঠাৎ স্থানীয় ইউনিয়ন আওয়ামী লীগের সংঘঠনিক সম্পাদক শরিফুল ইসলাম মিল মালিক সমিতি নেতাদের ডেকে বলেন, তার নিজস্ব তালিকা অনুযায়ী আরো ৫০ ব্যক্তির নামে ত্রাণসামগ্রী বরাদ্দ রাখতে হবে। শুধু সমিতির ইচ্ছে মতো ত্রাণ বিতরণ চলবে না। শরিফুল নেতাদের বলেন, ‘একই কথা সংশ্লিষ্ট ইউনিয়নের বাসিন্দা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক প্রভাষক জি এম ফারুকেরও। তিনি আমাকে এই বার্তা দিয়ে পাঠিয়েছেন।’
উপজেলা ‘রাইচ মিল মালিক সমিতির’ সাধারণ সম্পাদক কাজী নজরুল ইসলাম আক্ষেপ করে বলেন, ওই নেতাদের কথা না শুনে, সমিতির করা অসহায় মানুষের তালিকা অনুযায়ী ত্রাণ বিতরণ করলে এখানে বড় ধরণের সংঘাত সৃষ্টি হতে পারে। সংঘাতের ভয়ে ত্রাণ বিতরণের কাজ বন্ধ রাখা হয়েছে। সংঘত চাই না, চাই শান্তি। ত্রাণ বিতরণ করতে না পারায় যে সকল মিল মালিক চাল ও নগদ অর্থ দিয়েছিলেন এখন তা তাদের ফেরত পাঠানো হচ্ছে।
এ বিষয়ে আটলিয়া ইউপির সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলামের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
স্থানীয় ইউপি চেয়ারম্যান অ্যাডভোকেট প্রতাপ কুমার রায় বলেন, সীমাবদ্ধতার কারণে এই মুহূর্তে সরকারি বরাদ্দ থেকে সকলকে সহযোগিতা করা সম্ভব হচ্ছে না। তাই সরকারের পাশাপাশি উপজেলার ‘রাইচ মিল মালিক সমিতি’কে আমি অনুরোধ করেছিলাম, যে সংশ্লিষ্ট ইউনিয়নে যারা এখনো ত্রাণ পায়নি তাদের একটু সহযোগিতা করা যায় কিনা। তারা আমার আহ্বানে সাড়া দিয়েছিলেন। ঠিক সেই মুহূর্তে একটি সুবিধাভোগী মহলের অযৌতিক আবদারে ত্রাণ বিতরণ বন্ধ হয়ে গেছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. শাহনাজ বেগম বলেন, ব্যক্তি বা সংগঠনের ব্যানারে দরিদ্র মানুষকে সহযোগিতা করা যেতেই পারে। সেখানে কোনো রাজনৈতিক হস্তক্ষেপ উচিত না।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button