কোয়ারেন্টাইনে না থাকার দায়ে মানিকগঞ্জে আরেক প্রবাসীকে অর্থদণ্ড

কোয়ারেন্টাইনে না থাকার দায়ে মানিকগঞ্জের সাটুরিয়ায় ইরাক প্রবাসীকে অর্থদণ্ড দিয়েছেন ইউএনও।
সাটুরিয়া উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল আলম ভ্রাম্যমাণ আদালত বসিয়ে সোমবার সন্ধ্যা ৭টার দিকে তাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।
দণ্ডপ্রাপ্ত প্রবাসী হলেন- সাটুরিয়া উপজেলার দরগ্রাম ইউনিয়নের মধ্য লেরৌহা গ্রামের ফকির আলীর ছেলে মঙ্গুল হোসেন।
মঙ্গুল হোসেন করোনাভাইরাস আতঙ্কে ইরাক থেকে ৬ মার্চ দেশে ফেরেন।
সাটুরিয়া উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল আলম বলেন, সোমবার সন্ধ্যা পর্যন্ত সাটুরিয়ায় ৬১ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।
দেশের বাইরে থেকে আসার পর আমরা ১৪ দিন নিজ বাড়ির বাইরে না যাওয়ার জন্য বলে আসছি। প্রতিদিন টিম নিয়ে চায়ের দোকান ও প্রবাসীদের বাড়ি গিয়ে করোনাভাইরাস নিয়ে আলোচনা করছি।
তিনি আরও বলেন, এরপরও কিছু প্রবাসী প্রকাশ্যে জনসম্মুখে ঘুরে বেড়ানোর খবর পেলে আমরা ব্যবস্থা নিচ্ছি। সোমবার সন্ধ্যা ৭টার দিকে ইরাক প্রবাসীকে ১০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছি।
এর আগে রবিবার সন্ধ্যায় সাটুরিয়া ইউনিয়নের ভ্রাম্মনবাড়ি গ্রামের তারু মিয়ার ছেলে লাল মিয়া (৪০) সৌদি আরব প্রবাসীকে কোয়ারেন্টাইনে না থেকে জনসম্মুখে আসায় ১০ হাজার টাকা জরিমানা করেছি। এরপরও না থামলে তাকে আমরা আইনের আওতায় নিয়ে আসব।




