
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, মানবতা ও মানব স্বাস্থ্যের কথা চিন্তায় রেখে মুজিব শতবর্ষের উদ্বোধনী অনুষ্ঠান পুনবিন্যাস করা হয়েছে। এ নিয়ে রাজনীতি করার কিছু নেই। মঙ্গলবার (১০ মার্চ) আওয়ামী লীগ সভাপতির ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি৷
কাদের বলেন, করোনা নিয়ে আতঙ্ক না ছড়িয়ে সতর্কত থাকতে হবে। করোনা ভাইরাস প্রতিরোধে সরকার সকল ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে।
তিনি বলেন, করোনা ভাইরাসকে পুঁজি করে কিছু অসাধু ব্যবসায়ী সিন্ডিকেট যে মজুদদারির পাঁয়তারা শুরু করেছে তার বিরুদ্ধে ইতোমধ্যে সরকারের পক্ষ থেকে অভিযান শুরু হয়েছে৷
সংবাদ সম্মেলনে বঙ্গবন্ধুর জন্মদিনে জনসমাগম এড়িয়ে আওয়ামী লীগের পক্ষ থেকে নেওয়া বিভিন্ন কর্মসূচি ঘোষণা করেন ওবায়দুল কাদের।




