দেশের পর্যটন শিল্পে বিনিয়োগ করবে তুরস্ক

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের আমন্ত্রণে তুরস্কের সংস্কৃতি ও পর্যটন বিষয়কমন্ত্রী মেহমেত নুরী এরসয় আগামী বছরের প্রথম দিকে বাংলাদেশ সফর করবেন। তার দেশ বাংলাদেশের পর্যটন শিল্পে বিনিয়োগ করবে বলে তিনি আশ্বস্ত করেছেন। পর্যটন শিল্পে বিনিয়োগের লক্ষ্যে কক্সবাজার সফর করবেন দেশটির পর্যটন বিষয়কমন্ত্রী। এছাড়া তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গেও সাক্ষাতে আগ্রহ প্রকাশ করেছেন।
বুধবার (২০ নভেম্বর) তুরস্কের আঙ্কারায় দেশটির এই মন্ত্রীর সঙ্গে এক বৈঠকে তাকে বাংলাদেশে সফরের আমন্ত্রণ জানান অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
এসময় মেহমেত নুরী এরসয় বাংলাদেশের কৃষি, শিল্প, এসএমইতে বিনিয়োগে তার দেশের বিনিয়োগকারীদের পাঠাবেন বলে জানান।
বৈঠকে উপস্থিত ছিলেন তুরস্কে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এম আল্লামা সিদ্দিকী এবং অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মনোয়ার আহমেদ।
তুরস্কের সংস্কৃতি ও পর্যটন বিষয়ক মন্ত্রী মেহমেত নুরী এরসয় বলেন, বাংলাদেশের অগ্রগতি সত্যিই প্রশংসা যোগ্য। বাংলাদেশ একটি উদীয়মান অর্থনৈতিক তারকা। তুরস্ক ও বাংলাদেশের সম্পর্ক অত্যন্ত ভালো। যদিও দুদেশের বাণিজ্য পরিসর ততটা ভালো নয়। তারপরও যাতে বাণিজ্য পরিসর আরও বৃদ্ধি করা যায় সেজন্যই আমাদের প্রচেষ্টা।
পরে বাংলাদেশ ও তুরস্কের মধ্যে বাণিজ্য বিনিয়োগ ও অর্থনৈতিক সাহায্য সংশ্লিষ্ট যৌথ ইশতেহার স্বাক্ষরিত হয়। বাংলাদেশের পক্ষে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এবং তুরস্কের পক্ষে স্বাক্ষর করেন সংস্কৃতি ও পর্যটন বিষয়কমন্ত্রী মেহমেত নুরী এরসয়।




