বাউন্সারে আহত রাসেল

ক্রিকেট যত আধুনিক হয়েছে ততই আক্রমনাত্নক হয়ে উঠছে। অস্ট্রেলিয়ার ঘরোয়া লিগে শন অ্যাবোটের বলে ঘারে আঘাত পেয়ে মাটিতে লুটিয়ে পড়েন অস্ট্রেলিয়ার সাবেক ওপেনার ফিল হিউজ। সেবার যে পিচ ছেড়ে বের হয়েছিলেন হিউজ আর ফিরেননি মাঠে। দুনিয়া ছেড়েই চলে গেলেন অস্ট্রেলিয়ার এ ক্রিকেটার। এরপর আইসিসি থেকে ব্যাটসম্যানদের হেলমেটে পরিবর্তন আনার সিদ্ধান্ত হয়। তা অনেকটা ভালো ফল বয়ে নিয়ে আসে ব্যাটসম্যানদের জন্য।
ফিল হিউজের সেই স্মৃতি আবারো ফিরে আসতে পারতো অ্যাশেজের চলতি সিরিজেই। জোফরা আর্চারের বাউন্সারে মাটিতে লুটিয়ে পড়েন স্টিভ স্মিথ। সে ঘটনার পুনরাবৃত্তি ঘটলো আবারো ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে। এবার ব্যাটসম্যান হিসেবে ছিলেন আন্দ্রে রাসেল।
চলমান ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সাবিনা পার্কে জ্যামাইকা তালাওয়াস মুখোমুখি হয়েছিল সেন্ট লুসিয়া জোকসের। ম্যাচের তখন ১৪ ওভার চলছে। শূন্য রানে ব্যাট করছিলেন জ্যামাইকার আন্দ্রে রাসেল। এমন সময় পুল করতে যাওয়া বলটি ফাঁকি দিয়ে আঘাত করে ডান কানের কাছের হেলমেটে।
বল আঘাত করার সাথে সাথেই ওয়েস্ট ইন্ডিজ অলরাউন্ডার লুটিয়ে পড়েন মাঠে। তাকে দেখতে ছুটে আসেন সেন্ট লুসিয়ার ফিল্ডাররা। হেলমেট খুলে দেখেন, ঘাড়ে গার্ড না পরেই খেলতে নেমেছেন রাসেল।
বল আঘাতের পরে মাঠ ছেড়ে যাওয়ার পরে আর ব্যাট করতে পারেননি রাসেল। ‘রিটায়ার্ড হার্ট’ হয়ে মাঠ ছাড়তে হয় তাকে। দ্রুত নিয়ে যাওয়া হয় হাসপাতালে। অবশ্য স্ক্যানের পরে রাসেলের চোট গুরুতর নয় বলে জানিয়েছে ফ্র্যাঞ্জাইজি লিগটির আয়োজকরা।
ম্যাচটিতে প্রথমে ব্যাট করে ৫ উইকেট হারিয়ে ১৭০ রান করে জ্যামাইকা। সেন্ট লুসিয়া ২০ বল হাতে রেখে জিতে যায় ম্যাচটি।




