সুপার ওভারে বাংলার মেয়েদের হার

দক্ষিণ আফ্রিকার মাটিতে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে জয়ের খুব কাছে গিয়েও জিততে পারল না বাংলাদেশ ইমার্জিং নারী দল। রুদ্ধশ্বাস এক টাই হলো, তারপর সুপার ওভারে কপাল পুড়লো বাংলার মেয়েদের।
আগে ব্যাট করে প্রোটিয়ারা তুলেছিল ৩ উইকেটে ১৪৭ রান। ১৪৮ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে ৩ উইকেটে ১৩৯ রান করে ফেলায় জয়টা হাতের নাগালেই ছিল বাংলাদেশের।
শেষ ৬ বলে জেতার জন্য দরকার ছিল ৯ রান। কিন্তু সানজিদা ইসলামরা (৭৩*) নিতে পেরেছেন ৮ রান। তাতে দুই দলেরই স্কোর হয় সমান। দক্ষিণ আফ্রিকা ইমার্জিং নারী দলের ৩ উইকেটে ১৪৭ রানের জবাবে বাংলাদেশ নির্ধারিত ২০ ওভারে করে ৫ উইকেটে ১৪৭।
দুই দলের স্কোর সমান হওয়ায় ম্যাচ গড়ায় সুপার ওভারে। এই ৬ বল থেকে ১০ রান নিয়েছেন সানজিদা ইসলাম ও নিগার সুলতানারা। জবাবে এক ছক্কা এবং দুই বাউন্ডারিতে রিতু মনির তিন বলেই ওই রান তুলে দক্ষিণ আফ্রিকাকে জিতিয়েছেন নাদিন ডি ক্লার্ক। এর আগে ৫৩ বলে ৮৩* রানের বিস্ফোরক ইনিংস খেলেছিলেন তিনি।




