রাজনীতিশিরোনাম

প্রধানমন্ত্রীর ঘোষণা, এডিস মশা থাকবে না

চলচ্চিত্র তারকাদের নিয়ে তথ্যমন্ত্রীর অভিযান

চলচ্চিত্র তারকাদের নিয়ে এডিস মশা নিধন অভিযান চালিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি আজ শুক্রবার দুপুরে রাজধানীর এফডিসি ও পান্থপথে সচেতনাতামূলক এ অভিযান চালান। এ সময় তথ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছেন, দেশে আর এডিস মশা থাকবে না।
তথ্যমন্ত্রী আরো বলেন, ডেঙ্গু প্রতিরোধের জন্য এডিস মশা দমনে সবার সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। ইতিমধ্যেই চিকিৎসক, শিক্ষাবিদসহ সমাজের সর্বস্তরের মানুষ সরকারের আহ্বানে সাড়া দিয়ে এ অভিযানে নেমে পড়েছেন।
তথ্য মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণা, এডিস মশা থাকবে না’ স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি) চলচ্চিত্র শিল্পী-কলাকুশলী, প্রযোজক, পরিচালকদের নিয়ে পরিচ্ছন্নতা ও মশামুক্তি অভিযান উদ্বোধন করেন তথ্যমন্ত্রী।
চিকিৎসা সেবাদানকারীদের উদ্দেশে তথ্যমন্ত্রী বলেন, ‘আমি চিকিৎসক ও চিকিৎসা সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোকে আন্তরিক ধন্যবাদ জানাই তারা সরকারের আহ্বানে সাড়া দিয়ে জনগণের পাশে দাঁড়িয়েছেন। গুটিকয়েক প্রতিষ্ঠান যারা এ দুর্যোগকে ব্যবসার হাতিয়ার হিসেবে অপব্যবহার করছে, তাদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হবে।’
গুজবের বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান জানিয়ে ড. হাছান বলেন, ডেঙ্গুসহ সব বিভ্রান্তিকর তথ্য ও গুজবে কান দেবেন না, প্রতিরোধ করুন, যাচাই করে সত্য তথ্য দিন। প্রধানমন্ত্রীর নির্দেশে ডেঙ্গু প্রতিরোধে ঝাঁপিয়ে পড়ুন।
‘তারকাসহ চলচ্চিত্র ও সংস্কৃতিজগতের শিল্পী-কুশলীদের এই অভিযান নিঃসন্দেহে জনমনে ডেঙ্গু সচেতনতা বৃদ্ধি করবে, মানুষকে পরিচ্ছন্নতায় উদ্বুদ্ধ করবে’ বলে আশা প্রকাশ করেন তথ্যমন্ত্রী।
অভিযানের সময় তথ্যসচিব আবদুল মালেক, বিএফডিসির ব্যবস্থাপনা পরিচালক আব্দুল করিম, অতিরিক্ত সচিব মো. মিজান উল আলম, চলচ্চিত্র তারকা ইলিয়াস কাঞ্চন, রোজিনা, দিলারা, অঞ্জনা, আন্না, রিয়াজ, ফেরদৌস, রোকেয়া প্রাচী, শাহনূর, জায়েদ খান, জয় চৌধুরী, শিপন, আঁচল, তানহা, প্রযোজক খোরশেদ আলম খসরু, আবু মুসা দেবু, পরিচালক মুশফিকুর রহমান গুলজার, বদিউল আলম খোকন, সাংস্কৃতিক সংগঠক অরুণ সরকার রানাসহ চলচ্চিত্র ও সংস্কৃতি অঙ্গনের বিপুল প্রতিনিধি এ অভিযানে অংশ নেন।
অভিযানের একপর্যায়ে এফডিসির সামনের রাস্তা পরিচ্ছন্নতায় মন্ত্রী নিজেই প্রথমে ঝাড়ু ও পরে মশা মারার ওষুধ স্প্রে করার ফগার মেশিনও হাতে তুলে নিলে অভিযানের তারকা ও কর্মকর্তাদের মধ্যে প্রাণসঞ্চার হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button