বিনোদন

নায়িকার সঙ্গে দেখা করতে ৬০ লাখ রুপি, অতঃপর…

রুপালি পর্দার তারকাদের দেখা পাওয়া অনেকের কাছেই স্বপ্নের ব্যাপার। প্রিয় নায়ক-নায়িকাকে এক পলক দেখতে ঘণ্টার পর ঘণ্টা অধীর আগ্রহ করতে দেখা যায় ভক্তদের। স্বপ্নের তারকার সান্নিধ্য পেতে অবিশ্বাস্য সব কাণ্ডও ঘটতে দেখা যায়। এবার এক লাস্যময়ী নায়িকার সঙ্গে দেখা করতে ৬০ লাখ রুপি খরচ করলেন এক ভক্ত।
দক্ষিণী জনপ্রিয় অভিনেত্রী কাজল আগারওয়াল ব্যবসাসফল তেলেগু সিনেমা ‘মাগাধীরা’ চলচ্চিত্রের মাধ্যমে আলোচনায় আসেন। দক্ষিণে সাফল্যের পর বলিউডেও কাজল উপহার দেন ‘সিংঘাম’ ও ‘স্পেশাল ২৬’-এর মতো ব্লকবাস্টার সিনেমা।
ভক্ত-সমর্থকের অভাব নেই লাস্যময়ী এ অভিনেত্রীর। অভিনয় ও গ্ল্যামারের জাদুতে অনেকেই কুপোকাত। তবে এবার বিপত্তি বাঁধিয়েছেন তাঁর বড়মাপের একজন ভক্ত। তাঁর সাথে দেখা করতে গুনে গুনে ৬০ লাখ রুপি খরচ করেছেন তামিলনাড়ু রাজ্যের রামানাথাপুরাম জেলার ওই ভদ্রলোক।
ইন্ডিয়াটিভি নিউজের এক প্রতিবেদন থেকে জানা যায়, স্বপ্নের নায়িকার সঙ্গে দেখা করার জন্য সবকিছু করতেই প্রস্তুত ছিলেন ওই ভক্ত। এ ঘোষণা তিনি প্রকাশ্যেই দিতেন। বহু চেষ্টার পর খোঁজ পেলেন একটি ওয়েবসাইটের। ‘তারকাদের সঙ্গে ভক্তদের দেখা করার সুযোগ করে দেওয়া হয়’ এমনই দাবি ছিল সাইটটির।
মন থেকে চাইলে সবকিছুই পাওয়া যায়— হয়তো বা এ তত্ত্বে আস্থা রেখে খুশিতে আত্মহারা হয়েছিলেন ভক্ত মহোদয়। কিন্তু চক্রটিও যে মন থেকে চাইছিল তাদের উদ্দেশ্য সফল হোক।
যোগাযোগে দেরি করেননি কাজলের পাগলপারা সেই ভক্ত। মুহূর্তের মধ্যেই কথা বললেন তাঁদের সঙ্গে, জানালেন মনোবাসনার কথা। অপর প্রান্ত থেকে জানানো হলো, শুরুতেই ৫০ লাখ রুপি পরিশোধ করতে হবে। সেই সঙ্গে বলা হলো ব্যক্তিগত সব তথ্য দিতে।
ধনী পরিবারের সন্তান ভক্তটি টাকা পরিশোধে দেরি করেননি। পরের মাসে তাঁর কাছে আরো কিছু টাকা দাবি করা হয়। কিন্তু কবে তিনি স্বপ্নের নায়িকার দেখা পাবেন, সে ব্যাপারে কিছুই জানানো হচ্ছিল না। একপর্যায়ে ওই ভক্ত বুঝতে পারেন তিনি প্রতারিত হয়েছেন। তিনি তখন আরো অর্থ দিতে অস্বীকৃতি জানান। তবে তত দিনে অনেক দেরি হয়ে গেছে।
এবার ক্ষেপে যায় প্রতারক চক্র। তারা ওই ব্যক্তির আপত্তিকর কিছু ছবি শেয়ার করে এবং ছবিগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেয়।
বিষয়টি এখন অবশ্য পুলিশ পর্যন্ত গড়িয়েছে। প্রতারক চক্রকে হন্যে হয়ে খুঁজছে পুলিশ। ‘এরই মধ্যে আমি ওদের ৬০ লাখ রুপি দিয়েছি’, কান্নাজড়িত কণ্ঠে বলছিলেন প্রতারণার শিকার ওই ভক্ত।
তাঁর অভিযোগের ভিত্তিতে প্রতারক চক্রের সঙ্গে যুক্ত সন্দেহে তামিল চলচ্চিত্রের এক প্রযোজক সারাভানা কুমারকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে বলেও জানা গেছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button