খেলা

বিয়ের পিঁড়িতে লিটন দাস

বাংলাদেশের ক্রিকেটে এখন যেন বিয়ের মৌসুম চলছে। গত কয়েক মাসে চার তারকা ক্রিকেটার বিয়ের পিঁড়িতে বসেছেন। এই তালিকায় যোগ হয়েছে নতুন নাম লিটন দাস। আজ রোববার রাজধানীর মিরপুরের একটি কমিউনিটি সেন্টারে জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করলেন ডানহাতি ওপেনার।
এর আগে গত এপ্রিলে লিটন দাসের আশীর্বাদ হয়েছিল। সে সময় উপস্থিত ছিলেন দুই পরিবারের সদস্যরা।
লিটনের স্ত্রীর নাম দেবশ্রী বিশ্বাস সঞ্চিতা। তিনি শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী। তবে নিজের বিয়েতে জাতীয় দলের কোনো সতীর্থকে পাননি লিটন। তিনি যখন বিয়ের পিঁড়িতে তখন বাংলাদেশ দল শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ খেলছে।
গত এপ্রিলেই জাতীয় দলের আরেক ক্রিকেটার মুমিনুল বিয়ের আনুষ্ঠানিকতা সারেন। তাঁর স্ত্রী ফারিহা বাশার বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী।
এর আগে পেসার মুস্তাফিজুর রহমান ও অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজও বিশ্বকাপের আগে বিয়ে করেছেন। গত ২২ মার্চ কাটার-মাস্টার বিয়ে করেন মায়ের পছন্দের পাত্রী সুমাইয়া ইসলামকে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ছেন। আর মিরাজ নিজের শহর খুলনার মেয়ে রাবেয়া আখতার প্রীতির সঙ্গে গাঁটছড়া বাঁধেন। দুজনের দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক পরিণয়ে রূপ পায় গত ২১ মার্চ।
গত মার্চেই অনেকটা চুপিসারে বিয়েটা সেরে ফেলেন তারকা ব্যাটসম্যান সাব্বির রহমানও। সাব্বিরের স্ত্রী অর্পা উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের ছাত্রী। ঢাকার বাসায় দুই পক্ষের অল্প কয়েকজন আত্মীয়স্বজনের উপস্থিতিতে সম্পন্ন হয় আকদের আনুষ্ঠানিকতা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button