বিকালে প্রধানমন্ত্রীর বাজেট পরবর্তী সংবাদ সম্মেলন

নতুন অর্থবছরের প্রস্তাবিত বাজেট নিয়ে আজ শুক্রবার (১৪ জুন) সংবাদ সম্মেলন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।অর্থমন্ত্রীর অসুস্থতার কারণেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে। বিকাল ৩টায় রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
রেওয়াজ অনুযায়ী সংসদে বাজেট দেওয়ার পরদিন অর্থমন্ত্রী সংবাদ সম্মেলনে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন এবং বিভিন্ন বিষয়ের ব্যাখ্যা দেন। তবে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের অসুস্থতার কারণে এবার খোদ প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংবাদ সম্মেলন করবেন।
বৃহস্পতিবার বিকেলে সংসদে অর্থমন্ত্রীর হয়ে বাজেট বক্তৃতা পড়ে শোনান প্রধানমন্ত্রী। বাজেট পেশকালে অর্থমন্ত্রী অসুস্থতা বোধ করলে তার অনুরোধে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর অনুমতিসাপেক্ষে পরবর্তী অংশ পড়েন প্রধানমন্ত্রী। দেশের গণতান্ত্রিক সরকারের মধ্যে অর্থমন্ত্রীর বদলে প্রধানমন্ত্রীর বাজেট বক্তৃতা করার নজির এটিই প্রথম। সেই ধারাবাহিকতায় প্রথম প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনা বাজেটোত্তর সংবাদ সম্মেলনও করবেন।
সমৃদ্ধ আগামীর পথযাত্রায় বাংলাদেশ: সময় এখন আমাদের, সময় এখন বাংলাদেশের’ শীর্ষক এবারের বাজেটের আকার ৫ লাখ ২৩ হাজার ১৯০ কোটি টাকা। এ বাজেটে পরিচালনসহ অন্যান্য খাতে মোট বরাদ্দ রাখা হয়েছে ৩ লাখ ২০ হাজার ৪৬৯ কোটি টাকা। বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে বরাদ্দ রাখা হয়েছে ২ লাখ ২ হাজার ৭২১ কোটি টাকা।
এর আগে বিগত অর্থবছরগুলোতে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বাজেটোত্তর সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হতো। এসব সংবাদ সম্মেলনে তৎকালীন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সঙ্গে পরিকল্পনামন্ত্রী, অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী উপস্থিত থাকতেন।




