খেলা

নারী ফুটবলারদের পাশে থাকতে জয়ার আহ্বান

আগামীকাল সোমবার শুরু হতে যাচ্ছে বঙ্গমাতা অনূর্ধ্ব-১৯ নারী আন্তর্জাতিক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট। ছয়জাতির এই আসরে স্বাগতিক বাংলাদেশ ছাড়াও সংযুক্ত আরব আমিরাত, কিরগিজস্তান, মঙ্গোলিয়া, লাওস ও তাজিকিস্তানের মেয়েরা অংশ নেবে। কে স্পোর্টসের তত্ত্বাবধানে এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) আয়োজনে এই টুর্নামেন্টের শুভেচ্ছাদূত হিসেবে যুক্ত হয়েছে জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। টুর্নামেন্টের জন্য তৈরি করা আবহ সংগীতের মডেলও হয়েছেন তিনি। টুর্নামেন্ট শুরুর আগে প্রকাশিত এক ভিডিও বার্তায় নারী ফুটবলারদের উৎসাহ দেওয়ার জন্য সবাইকে আহ্বান জানিয়েছেন তিনি।
নিজের অফিশিয়াল ফেসবুক পেজে আজ একটি ভিডিও বার্তা প্রকাশ করেন জয়া আহসান। বার্তায় বঙ্গমাতা অনূর্ধ্ব-১৯ নারী গোল্ডকাপে নিজে মাঠে থাকবেন বলে ঘোষণা দেন জয়া। পাশাপাশি দর্শকদের মাঠে আসার আহ্বান জানিয়ে জনপ্রিয় এই অভিনেত্রী বলেন, ‘২২ এপ্রিল শুরু হতে যাচ্ছে বঙ্গমাতা অনূর্ধ্ব-১৯ মহিলা আন্তর্জাতিক গোল্ডকাপ। আমি তো খেলার মাঠে থাকবই, আপনারাও চলে আসুন দলে দলে। সবাই মিলে আমাদের মেয়েদের সমর্থন দিতে। দেখা হচ্ছে সবার সঙ্গে আগামী ২২ এপ্রিল, খেলার মাঠে।’
শুধু এই ভিডিও বার্তাই নয়, শুভেচ্ছাদূত হিসেবে ইতিমধ্যেই টুর্নামেন্টের বিভিন্ন প্রচারণামূলক কর্মকাণ্ডে নিজেকে যুক্ত করেছেন জনপ্রিয় এই অভিনেত্রী। টুর্নামেন্টের জন্য বানানো আবহ সংগীতে একজন সংগ্রামী নারীর ভূমিকায় মডেল হিসেবে হাজির হয়েছেন জয়া। তাঁর চরিত্রের মাধ্যমে এ দেশের নারীদের এগিয়ে চলার বার্তা ফুটিয়ে তোলা হয়েছে। কণ্ঠশিল্পী এবং সংসদ সদস্য মমতাজের পাশাপাশি গানটিতে কণ্ঠ দিয়েছেন কনা, এলিটা ও পড়শী।
এর আগে গত ১২ এপ্রিল বাড্ডার একটি একাডেমি মাঠে দিনব্যাপী ‘উইমেন্স ফুটবল ডে আউট’ কার্যক্রমে উপস্থিত ছিলেন জয়া আহসান। অনুষ্ঠানে বাংলাদেশ নারী ফুটবল দলের সদস্য মৌসুমি, সিরাতদের সঙ্গে সময় কাটান গুণী এই অভিনেত্রী। অনেক চড়াই-উৎরাই পেরিয়ে নারী দলের খেলোয়াড়দের এগিয়ে আসার প্রশংসা করে বলেন, ‘জানি আমাদের মেয়েরা অদম্য। হয়তো অন্যদিক থেকে আমরা পিছিয়ে থাকতে পারি, তবে এই দলের মেয়েরা যেভাবে দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে উঠে এসেছে, সেটা দেখে আমি নিজেও অনুপ্রাণিত।’
২২ এপ্রিল থেকে শুরু হতে যাওয়া ‘বঙ্গমাতা অনূর্ধ্ব-১৯ নারী আন্তর্জাতিক গোল্ডকাপ’ টুর্নামেন্টের সব ম্যাচ অনুষ্ঠিত হবে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে। আগামী ৩ মে প্রতিযোগিতার ফাইনাল।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button