পাকিস্তানে বিশ্ব একাদশকে নেতৃত্ব দেবেন জয়াবর্ধনে

পাকিস্তানের বিরুদ্ধে বিশ্ব একাদশকে নেতৃত্ব দেবেন মাহেলা জয়বর্ধনে৷ সেপ্টেম্বরে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে পাকিস্তানের বিরুদ্ধে তিনটি টি-২০ ম্যাচ খেলবে বিশ্ব একদাশ৷
চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনালে বিরাট কোহলিদের হারিয়ে সরফরাজ আহমেদরা চ্যাম্পিয়ন হওয়ার পর পাকিস্তানের মাটিতে ক্রিকেটকে ফেরানোর কথা ভাবে আইসিসি৷ পাকিস্তান দলের বিরুদ্ধে তিন ম্যাচের টি-২০ সিরিজ খেলার কথাও বলা হয় বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থার তরফে৷ বিশ্ব একাদশের বিরুদ্ধে ম্যাচ তিনটি হবে ২১, ২৩ ও ২৭ সেপ্টেম্বর৷ ম্যাচগুলি আন্তর্জাতিক স্বীকৃতি পাবে আইসিসি-র পক্ষ থেকে জানান হয়৷
২০০৯-এ লাহোরে শ্রীলঙ্কা টিম বাসে সন্ত্রাসী হানার পর পাকিস্তানে আন্তর্জাতিক ম্যাচ বাতিল করে আইসিসি৷ তার পর থেকে এ পর্যন্ত পাকিস্তানের মাটিতে একটি মাত্র সিরিজ হয়েছে৷ ২০১৫-এ পাকিস্তানে ওয়ান ডে সিরিজ খেলে জিম্বাবোয়ে৷ ম্যাচগুলি হয়েছিল গাদ্দাফি স্টেডিয়ামে৷ তার পর আবার পাকিস্তানের মাটিতে হতে চলেছে আন্তর্জাতিক ক্রিকেট৷




