শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা : চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চর অনুপনগর এলাকার একটি ইটভাটা থেকে মিজানুর রহমান মিজান (২১) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে ঘটনাটি হত্যাকাণ্ড বলে ধারণা করছে পুলিশ।
বুধবার (৩০ সেপ্টেম্বর) সকালে চর অনুপনগর এলাকার নাইস ইটভাটার ভেতর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত মিজানুর রহমান মিজান চর অনুপনগর মোল্লাপাড়া এলাকার মৃত শফিকুর রহমানের ছেলে।
নিহতের পরিবারের সদস্যরা জানান, মঙ্গলবার রাতে মিজানুর রহমান বাড়ি থেকে বের হন। এরপর তিনি আর বাড়িতে ফেরেননি। বুধবার সকালে স্থানীয় লোকজন নাইস ইটভাটার ভেতরে তাঁর মরদেহ পড়ে থাকতে দেখে পরিবারের সদস্যদের খবর দেন। পরে পুলিশে খবর দেওয়া হলে সদর মডেল থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
পুলিশ মরদেহটি ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. একরামুল হোসাইন বলেন, প্রাথমিকভাবে ঘটনাটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।