বিনোদন

ছোট ছেলের সঙ্গে বলিউড বাদশাহর পোজ

অপরূপ সাজে ছোট ছেলে আব্রামের সঙ্গে পোজ দিয়ে ফের ট্রেন্ড তালিকায় উঠে এলেন বলিউড বাদশাহ শাহরুখ খান। এই ছবি মন জয় করে নিয়েছে নেটিজেনদের।
বিভিন্ন অনুষ্ঠানে সন্তানদের সঙ্গে প্রায়ই দেখা যায় এ তারকাকে। সামাজিক মাধ্যম পূর্ণতা পায় তাঁদের সুন্দর ছবিতে। সম্প্রতি স্ত্রী গৌরী খান বাবা-ছেলের সুন্দর স্থিরচিত্র ভক্তদের উদ্দেশে শেয়ার করেছেন। ছবিটিতে এ পর্যন্ত দুই লাখ ৭০ হাজারের বেশি লাইক পড়েছে।
এর আগে মাইক্রো-ব্লগিং সাইট টুইটারে নামজাদা আলোকচিত্রী অবিনাশ গোয়ারিকর শাহরুখ ও তাঁর আদরের ছোট ছেলে আব্রামের সঙ্গে তোলা একটি ছবি শেয়ার দেন। ক্যাপশনে তিনি লেখেন, ‘আব্রামের সঙ্গে শাহরুখের বন্ধন অসাধারণ!’
শাহরুখ খান প্রায়ই তিন সন্তান আরিয়ান, সুহানা ও আব্রামের ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করেন। কিছুদিন আগে একটি ছবি ইনস্টাগ্রামে শেয়ার দিয়েছিলেন তিনি, যেখানে হলুদ হুডি পরিহিত আরিয়ান-সুহানাকে দেখা গেছে। ক্যাপশনে কিং খান লেখেন, ‘এই ছবিটি ইয়োলো ব্রিক রোড স্মরণ করিয়ে দেয়।’ সন্তানদের তিনি অভিধা দিয়েছিলেন, ‘আমার রোদ্দুর।’
স্ত্রী গৌরী খানও তাঁর সন্তানদের ছবি নিয়মিত শেয়ার দেন।

শাহরুখ-গৌরীর তিন সন্তান সুহানা, আরিয়ান ও আব্রাম। ছবি : ইনস্টাগ্রাম

বোন সুহানা খানের মতোই সামাজিক মাধ্যমে তুমুল জনপ্রিয় বলিউড বাদশাহ শাহরুখ খানের ছেলে আরিয়ান খান। দুই ভাইবোন এখনো পা রাখেননি বলিউডে।
বড় ছেলে আরিয়ান এখন যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় চলচ্চিত্র নির্মাণ নিয়ে পড়াশোনা করছেন। বাবার মতো অভিনয়ে ক্যারিয়ার গড়তে চান না তিনি। এর আগে ছেলের অভিনয়-পরিকল্পনা প্রসঙ্গে জিজ্ঞেস করা হলে শাহরুখ খান বলেছিলেন, ‘আরিয়ান অভিনেতা হতে চায় না, সে চলচ্চিত্র নির্মাণ করতে চায়, পরিচালক হতে চায়। আর সে জন্য আমেরিকায় প্রশিক্ষণও নিচ্ছে।’
অন্যদিকে, গত বছর জনপ্রিয় ফ্যাশনবিষয়ক ম্যাগাজিন ‘ভোগ’-এ প্রচ্ছদকন্যা হন সুহানা। এর মধ্যেই গ্ল্যামার জগতে পা রেখেছেন তিনি, বলিউডে তাঁর অভিষেক নিয়ে গুঞ্জন চলছে।
একটি সাময়িকীকে দেওয়া সাক্ষাৎকারে শাহরুখ খান বলেছেন, বড়পর্দায় অভিষেক হতে সুহানার আরো কয়েক বছর লাগবে। কারণ, এখন সে অভিনয় বিষয়ে প্রশিক্ষণ নিচ্ছে। ‘হ্যাঁ, সুহানা অভিনয় করতে চায়; কিন্তু এর আগে তার তিন-চার বছরের প্রশিক্ষণ দরকার। এখন সে তা লন্ডনের থিয়েটারে করছে। আশা করি, এরপর সে আমেরিকায় যাবে,’ বলেন শাহরুখ খান।
সুপারস্টার শাহরুখ খানের সর্বশেষ ছবি ‘জিরো’। এতে তাঁর বিপরীতে ছিলেন আনুশকা শর্মা ও ক্যাটরিনা কাইফ। বহুল প্রতীক্ষিত এই ছবি বক্স অফিসে জাদু সৃষ্টিতে ব্যর্থ হয়েছে। গুঞ্জন রয়েছে, আগামীতে ‘ডন থ্রি’ ও একটি জীবনীভিত্তিক সিনেমায় কাজ করবেন তিনি। সূত্র : ইন্ডিয়া টিভি

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button