শিক্ষা

৯ বছর পর ঢাবি ক্যাম্পাসে ছাত্রদলের মিছিল

ডাকসু নির্বাচন তিন মাস পেছানোর দাবিসহ ক্যাম্পাসে সহাবস্থানের পরিবেশ তৈরির দাবিতে উপাচার্য বরাবর স্মারকলিপি দেওয়ার পর ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে মিছিল করেছে জাতীয়তাবাদী ছাত্রদল।
প্রায় ৯ বছর পর বৃহস্পতিবার দুপুরে ঢাবি ক্যাম্পাসে ছাত্রদল মিছিল বের করলো। কেন্দ্রীয় ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের নেতা-কর্মীদের অংশগ্রহণের এ মিছিলেটি টিএসসি হয়ে শাহবাগে গিয়ে শেষ হয়।
এদিন বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে উপাচার্যের কার্যালয়ের সামনে জড়ো হন ছাত্রদল নেতা-কর্মীরা। এরপর ভিসি বরাবর স্মারকলিপি দিয়ে সেখান থেকে বেরিয়ে মিছিল বের করেন তারা। এসময় ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাজিব আহসান, সাধারণ সম্পাদক আকরামুল হাসান, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আল মেহেদী তালুকদার, সাধারণ সম্পাদক আবুল বাসার সিদ্দিকীসহ বিভিন্ন নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
উপাচার্যের কাছে দেওয়া স্মারকলিপিতে তারা ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে গঠিত নির্বাচন পরিচালনা ও উপদেষ্টা কমিটিগুলো পুনর্গঠন করে এগুলোতে নিরপেক্ষ ও গ্রহণযোগ্য শিক্ষকদের অন্তর্ভুক্তি, ডাকসুর সভাপতি হিসেবে উপাচার্যের ক্ষমতায় ভারসাম্য এনে যেকোনো সিদ্ধান্ত সভাপতি ও ছাত্র সংসদের যৌথ সিদ্ধান্তে নেওয়া এবং সাধারণ শিক্ষার্থী ও ছাত্রসংগঠনগুলোর নেতা-কর্মীদের নিরাপত্তা, আগের হামলা ও নির্যাতনগুলোর বিচারসহ সাত দফা দাবি জানান।
এর আগে সর্বশেষ ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মিছিল ও সমাবেশ করেছিল ২০১০ সালের ১৮ জানুয়ারি। ওইদিন বিশ্ববিদ্যালয়ে মিছিল বের করলে ছাত্রলীগের হামলার মুখে পড়ে। এতে সে সময়ের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুসহ ছাত্রদলের বেশ কয়েকজন নেতা-কর্মী আহত হন। এরপর আর ছাত্রদলকে ক্যাম্পাসে মিছিল করতে দেখা যায়নি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button