
বুয়েট ছাত্র আবরার ফাহাদকে পিটিয়ে হত্যার ঘটনা আন্দোলনরত শিক্ষার্থীদের সব দাবি মেনে নিয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের ভিসি (উপাচার্য) অধ্যাপক সাইফুল ইসলাম।
মঙ্গলবার (৮ অক্টোবর) বিকালে নিজ কার্যালয়ে প্রোভোস্টদের নিয়ে জরুরি বৈঠক শেষে তিনি শিক্ষার্থীদের সামনে আসেন। এ সময় শিক্ষার্থীদের সব দাবির সঙ্গে সমর্থন জানান ভিসি।
তিনি বলেন, তোমরা যে দাবিগুলো করেছ, আমি সেই দাবিগুলো মেনে নিয়েছি। আমি তোমাদের দাবির সঙ্গে নীতিগত সমর্থন জানাচ্ছি।
ভিসি বলেন, ঘটনার পর থেকে আমি অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছি। সর্বোচ্চ ব্যবস্থা নিয়েছি। প্রেস বিজ্ঞপ্তি দিয়েছি। ৫-৬ জনকে নিয়ে বসেছি। সবতো আমার হাতে নেই, যেগুলো আমার হাতে আছে সেগুলো আমি করছি। নীতিগতভাবে তোমাদের পূর্ণ সমর্থন দিচ্ছি। সারাদিন মন্ত্রী মহোদয়ের সঙ্গে কথা বলেছি। তোমরা অধৈর্য হবে না।
একপর্যায়ে ভিসিকে শিক্ষার্থীরা প্রশ্ন করেন, আবরার হত্যার ঘটনার পর তিনি কেন ক্যাম্পাসে আসেননি? জবাবে ভিসি বলেন, আমি ক্যাম্পাসে ছিলাম।
শিক্ষার্থীদের আলাদা ডেকে নিয়ে কথা বলার প্রস্তাব দিলে উপাচার্যের সে প্রস্তাব প্রত্যাখ্যান করেন। পরে শিক্ষার্থীরা ‘ভুয়া ভুয়া’ বলে স্লোগান দিতে শুরু করেন।




