আজ বিজয়া দশমী। হিন্দু ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসবের শেষ দিনে ভক্ত-অনুরাগীদের কাঁদিয়ে বিদায় নেবেন দেবী দুর্গা।
আজ শুক্রবার সকাল থেকেই মণ্ডপে মণ্ডপে দশমীবিহিত পূজা আর দর্পণ বিসর্জনের পর মঙ্গল কামনা করে চলতে থাকে সিঁদুর খেলা। সব রীতিনীতি শেষে বিজয়ার শোভাযাত্রা ও প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে আজই শেষ হবে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা।
প্রতিবছরের মতো এবারও ষষ্ঠীর দিনে ঢাকঢোল আর কাঁসরের ধ্বনির মাঝে কন্যারূপে বাবার বাড়ি বেড়াতে আসেন দেবী দুর্গা। ষষ্ঠী থেকে বিজয়া দশমী পাঁচ দিনব্যাপী মাকে ঘিরে প্রার্থনা, উৎসব আর আনন্দে মত্ত ছিল ভক্ত-অনুরাগী। অবশেষে আজ নাইওর শেষে বাবার বাড়ি ছেড়ে কৈলাসে স্বামীর বাড়িতে ফেরার পালা দুর্গার। বিদায় দেওয়ার আগে শেষ মুহূর্তগুলোতে মণ্ডপে মণ্ডপে মায়ের আশীর্বাদ কামনায় ব্যস্ত ভক্ত-অনুরাগীরা।
বিসর্জনের সুর এরই মধ্যে বাজতে শুরু করেছে। আজই ভক্তদের আনন্দ উল্লাস আর অশ্রু পেছনে ফেলে মর্ত্যলোক ছেড়ে চলে যাবেন দেবী দুর্গা।




