অনূর্ধ-১৯ এশিয়া কাপেও চ্যাম্পিয়ন ভারত
বড়দের পর এক সপ্তাহের ব্যবধানে ভারতের যুবারাও জিতলো এশিয়া কাপের শিরোপা। রোববার অনূর্ধ-১৯ এশিয়া কাপের ফাইনালে তারা শ্রীলঙ্কাকে হারিয়েছে ১৪৪ রানে। আরো একবার এশিয়া কাপের ফাইনালে ভারতের কাছে হারলো লঙ্কান যুবারা। অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সপ্তম আসরের মধ্যে এনিয়ে চারবার ফাইনালে ভারতের বিপক্ষে হেরে গেল শ্রীলংকা।
অন্যদিকে এই জয়ের মধ্য দিয়ে এশিয়া কাপের সাত আসরে পাঁচবার একক চ্যাম্পিয়ন হল ভারত। ২০১২ সালের তৃতীয় আসরে পাকিস্তানের সঙ্গে যৌথভাবে চ্যাম্পিয়ন হয়েছিল তারা।
রোববার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করে ভারত। উদ্বোধনীতে ১২১ রানের জুটি গড়ে দলকে চ্যালেঞ্জিং স্কোর গড়ার পথ সহজ করে দেন দুই ওপেনার যশসভী জয়সওয়াল ও অনুজ রাওয়াত। রাওয়াত, জয়সওয়াল সিমরান ও বদনির হাফ সেঞ্চুরিতে ভর করে ৩ উইকেটে ৩০৪ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে ভারত।
বড় টার্গেট তাড়া করতে নেমে হারশ ত্যাগীর ঘূর্ণি বলে ম্যাচ থেকে কার্যত ছিটকে যায় শ্রীলংকা। ফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে ৩৮.৪ ওভারে ১৬০ রানেই অলআউট হয়ে যায় শ্রীলংকা। দলের হয়ে সর্বোচ্চ ৪৯ রান করেন ওপেনার ফারনান্দো। এছাড়া ৪৮ রান করেন নবোদ পারনাভিথন। ভারতীয় অফ স্পিনার হারশ ত্যাগী ১০ ওভারে ৩৮ রান খরচায় শিকার করেন ৬ উইকেট।




