sliderস্থানিয়

খাদ্য নিরাপত্তা ও নিরাপদ খাদ্য নিশ্চিত করাই প্রথম কাজ: খাদ্যমন্ত্রী

শফিকুল ইসলাম সুমন, মানিকগঞ্জ ‍প্রতিনিধি :খাদ্য নিরাপত্তা ও নিরাপদ খাদ্য নিশ্চিত করাই বর্তমান সরকারের প্রধান অগ্রাধিকার বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা।
তিনি বলেন, খাদ্য নিরাপদ না হলে জনস্বাস্থ্য মারাত্মক হুমকির মুখে পড়ে। তাই এই বিষয়টিকেই আমার মন্ত্রণালয় সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে।

শনিবার সকাল ১১টায় মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার ধানকোড়া গিরিশ চন্দ্র উচ্চ বিদ্যালয়ে এক ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন এবং সাটুরিয়া উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে অনুষ্ঠিত সংবর্ধনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
​খাদ্য গুদামের তদারকি নিয়ে মন্ত্রী বলেন, দেশের প্রতিটি জেলার খাদ্য গুদাম পর্যায়ক্রমে পরিদর্শন করা হবে। যেখানেই কোনো অনিয়ম পাওয়া যাবে, তাৎক্ষণিক কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ইতোমধ্যে মানিকগঞ্জের ঘিওর উপজেলার খাদ্য গুদামে অনিয়ম পাওয়ায় তাত্ক্ষণিক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
যেকোনো দুর্যোগ মোকাবিলায় দেশে যেন পর্যাপ্ত খাদ্য মজুদ থাকে, সে বিষয়ে সরকারের সতর্ক বার্তা রয়েছে বলেও তিনি জানান।

দেশে সার সংকট সম্পর্কিত এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, “বর্তমানে দেশে কোনো সার সংকট নেই। সম্প্রতি মাননীয় প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সারের পর্যালোচনায় দেখা গেছে যে, দেশে পর্যাপ্ত সার মজুদ আছে। হয়তো মাঠ পর্যায়ে বিতরণে কিছুটা সমন্বয়হীনতা থাকতে পারে। তবে সার সংকটের কারণে চলতি রোপা আমন মৌসুমে ধান উৎপাদন কোনোভাবেই ব্যাহত হবে না।”

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের যোগাযোগ ব্যবস্থা নিয়ে খাদ্যমন্ত্রী আরও জানান, মানিকগঞ্জের পাটুরিয়া, রাজবাড়ীর দৌলতদিয়া এবং পাবনার কাজীরহাট নৌরুটে ‘ওয়াই’ (Y) প্যাটার্নে দ্বিতীয় পদ্মা সেতুর নির্মাণকাজ শিগগিরই শুরু হতে যাচ্ছে।

প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে ইতোমধ্যে সমীক্ষাসহ প্রাথমিক প্রস্তুতিমূলক কাজ চলছে। খুব দ্রুতই দৃশ্যমান কাজ শুরু হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

ধানকোড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মো. রফিকুল ইসলাম জুয়েলের সভাপতিত্বে অনুষ্ঠিত এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন সাটুরিয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল কুদ্দুছ খান মজলিশ মাখন এবং সাধারণ সম্পাদক আবুল বাশার সরকার। ​সাটুরিয়া উপজেলা যুবদলের আহ্বায়ক মুহাম্মদ আমির হামজা ও যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম বকুলের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট আওয়াল খান, সাটুরিয়া উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক শাহীন আযাদ বিপ্লব, সাটুরিয়া উপজেলা কৃষক দলের সভাপতি বরকত মল্লিক সহ জেলা ও উপজেলা বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button