গ্রুপ থিয়েটার ফেডারেশনের চেয়ারম্যান লিয়াকত আলী, সেক্রেটারি কামাল বায়েজিদ

বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের ত্রি-বার্ষিক নির্বাচনে ২০১৮-২০২১ মেয়াদে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন ‘লোকনাট্য দলে’র (সিদ্ধেশ্বরী) লিয়াকত আলী লাকী এবং সেক্রেটারি জেনারেল নির্বাচিত হয়েছেন ‘ঢাকা থিয়েটারে’র কামাল বায়েজিদ।
শনিবার রাত একটা ১০ মিনিটে এবারের নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার এস এম মহসীন এ ফলাফল ঘোষণা করেন।
২৩২ জন ভোটারের মধ্যে লিয়াকত আলী লাকী পেয়েছেন ১৩৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নাট্যকেন্দ্রের ঝুনা চৌধুরী পেয়েছেন ৯৪ ভোট। ১২৭ ভোট পেয়ে কামাল বায়েজীদ সেক্রেটারি জেনারেল নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সময় নাট্যদলের আক্তারুজ্জামান পেয়েছেন ১০৩ ভোট।
শনিবার সকাল ১০টা ২০ মিনিট থেকে দুপুর দুইটা ২০ মিনিট পর্যন্ত শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার সেমিনার রুমে ভোটগ্রহণ সম্পন্ন হয়। নির্বাচনে ফেডারেশনের ২৩৩ সদস্যের নাট্যদলের একজন করে প্রতিনিধি ভোটার হিসেবে অংশ নিলেও বগুড়ার করতোয়া নাট্যদলের প্রতিনিধি নির্বাচন সংক্রান্ত জটিলতার কারণে ভোটাধিকার থেকে বাদ পড়ে যান।




