সফল ব্যক্তিদের ১০০ জীবনচর্চা: অনুশীলন ৪৫-‘নিজের চিন্তা-ভাবনা বুঝেশুনে প্রকাশ করুন’
প্রিয় পাঠক, আপনাদের জন্য রয়েছে আমাদের এ নতুন আয়োজন। এখানে ‘দ্য সিল্ক রোড পার্টনারশিপ’ এর সহ-প্রতিষ্ঠাতা নাইজেল কাম্বারল্যান্ড লিখিত একটি বইয়ের সাথে আপনাদের পরিচয় করানো হবে। বইটির শিরোনাম, ‘হান্ড্রেড থিংস সাকসেসফুল পিপল ডু: লিটল এক্সারসাইজেস ফর সাকসেসফুল লিভিং’। এবং আমরা বইটি অনুবাদ করছি “সফল ব্যক্তিদের ১০০ জীবনচর্চা” শিরোনামে। সপ্তাহব্যাপী এই আয়োজনে প্রতিদিন এই বই থেকে একটি করে বিষয় আলোচনা করা হবে।আজকের আয়োজনে জেনে নিন সফল ব্যক্তিদের করা ৪৫ নম্বর বিষয়টি সম্পর্কে।
অনুশীলন ৪৫- ‘নিজের চিন্তা-ভাবনা বুঝেশুনে প্রকাশ করুন’
আপনি সফল কিংবা ব্যর্থ যা-ই মনে করেন না কেন নিজেকে, আপনি দু’ভাবেই সঠিক। আপনার চিন্তাভাবনার একটি দারুণ প্রভাব আছে আপনার জীবনের ওপর। আমাদের চিন্তাধারা ও মূল্যবোধই ইচ্ছা করলে আমাদের অনেক উপরে ওঠাতে পারে আবার অনেক নিচে নামিয়ে দিতে পারে।
চলুন তবে একটি সাধারণ উদাহরণ তুলে ধরা যাক- আপনি কর্মক্ষেত্রে বদল করলেন। এবং তারপরেই চিন্তা করা শুরু করলেন যে আপনার নতুন সহকর্মীরা আপনাকে পছন্দ করবে কী না কিংবা তারা আপনাকে নিয়ে কী ভাবছে। আপনি তাদের কী বলবেন, এটা নিয়েও চিন্তা শুরু করলেন এবং তাদের সামনে কেমন পোশাক পরিধান করবেন তাও ভাবতে লাগলেন। তাদের ব্যাপারে ভাবতে ভাবতে আপনি এমন অবস্থানে পৌঁছে গেলেন যে যখন তাদের সামনে গিয়ে আপনি একদমই স্বাভাবিক হতে পারলেন না। তাহলে কি লাভ হলো বৃথা দুশ্চিন্তা ও শত শত পরিকল্পনা করে?
আপনার চিন্তা-চেতনা কিন্তু বাস্তবতাকেও হার মানাতে পারে, জানেন তো? তারা আপনাকে বিভিন্ন পরিস্থিতিতে বিভিন্নভাবে কাজ করা শেখাবে। আপনার মন খুবই শক্তিশালী, আজীবন মনে রাখবেন। আপনি যদি অনুভব করেন যে আপনি সুখী, দুঃখিত কিংবা আত্মবিশ্বাসী তবে সত্যিই আপনি সেগুলো হওয়ার দাবীদার।
সর্বদা ইতিবাচক চিন্তা করুন
প্রত্যহ আপনার মাথায় যে সকল চিন্তা কাজ করে সেগুলোকে কাজে লাগানোর চেষ্টা করুন। ইতিবাচক চিন্তাগুলোর প্রতি গুরুত্ব দিন। সেগুলো আপনাকে সফলতা অর্জনে সাহায্য করবে।
আগত চিন্তাগুলোর প্রতি সচেতন হোন। যদি আপনি নিজ চিন্তার ব্যাপারে স্পষ্ট না হতে পারেন, তবে নিজেকে জিজ্ঞেস করুন ‘আমি কেন এগুলো ভাবছি? আমাকে আদৌ কোন সাহায্য করবে এ চিন্তা?’
নেতিবাচক চিন্তা মাথায় ঘুরঘুর করলেও সেখান থেকে কিছু শেখার চেষ্টা করুন। নিজের মনকে জিজ্ঞেস করুন, কেন আপনি অন্যরকম কিছু ভাবছেন? এগুলো থেকেও অনেক কিছু শেখার আছে কিন্তু আমরা বরাবরই সেগুলো এড়িয়ে যাই বলে কিছু শেখা হয়ে ওঠে না। নিজেকে বারংবার এটা বলুন যে, ‘হ্যা, আমারো নেতিবাচক ধারণা আছে কিন্তু আমি সেগুলো থেকে শিখতে পছন্দ করি’।
নেতিবাচক চিন্তা থেকে দূরে সরার সময় অবশ্যই ইতিবাচক একটি চিন্তা তৈরি করে অতঃপর সরবেন। ইতিবাচক চিন্তা আপনার জীবন বদলে দেবে পুরোপুরি। জীবনটা আপনারই, এটিকে ধীরে-সুস্থে গোছানো শুরু করুন। মঙ্গল আপনারই হবে।


