সফল ব্যক্তিদের ১০০ জীবনচর্চা: অনুশীলন ৬৬- ‘বুঝেশুনে বন্ধু নির্বাচন করুন’
প্রিয় পাঠক, আপনাদের জন্য রয়েছে আমাদের এ নতুন আয়োজন। এখানে ‘দ্য সিল্ক রোড পার্টনারশিপ’ এর সহ-প্রতিষ্ঠাতা নাইজেল কাম্বারল্যান্ড লিখিত একটি বইয়ের সাথে আপনাদের পরিচয় করানো হবে। বইটির শিরোনাম, ‘হান্ড্রেড থিংস সাকসেসফুল পিপল ডু: লিটল এক্সারসাইজেস ফর সাকসেসফুল লিভিং’। এবং আমরা বইটি অনুবাদ করছি “সফল ব্যক্তিদের ১০০ জীবনচর্চা” শিরোনামে। সপ্তাহব্যাপী এই আয়োজনে প্রতিদিন এই বই থেকে একটি করে বিষয় আলোচনা করা হবে। আজকের আয়োজনে জেনে নিন সফল ব্যক্তিদের করা ৬৬ নম্বর বিষয়টি সম্পর্কে।
একটি প্রচলিত প্রবাদ আছে যে, ‘আমরাই আমাদের পাঁচ জন বন্ধু’। কথাটির মানে এমন যে, আপনার বন্ধুদের দিয়েই বোঝা যায় আপনি কেমন। আপনি যাদেরকে বন্ধু হিসেবে বিবেচনা করছেন তাঁরা আপনার জীবনে ইতিবাচক ও নেতিবাচক দু’ধরনের প্রভাব ফেলতে পারে।
বন্ধুরাই আপনাকে শক্তিশালী বানাতে পারে আবার নিচেও নামিয়ে ফেলতে পারে। একই মানুষের সঙ্গে প্রতিদিন কিছু সময় কাটান, আপনি তাদের মতনই ব্যবহার করা শুরু করবেন মনের অজান্তে। যে ব্যাপারগুলো আপনি এতোদিন অগ্রাহ্য করে এসেছেন, সেটি নিমিষেই গ্রহণ করে ফেলতে পারবেন।
* ২০১৩ সালে সাইকোলজিক্যাল সাইন্স ম্যাগাজিনে প্রকাশিত হওয়া একটি গবেষণায় উঠে এসেছে যে, প্রবল ইচ্ছাশক্তি আছে এমন বন্ধুরা আপনার আত্মনিয়ন্ত্রণ বৃদ্ধি করে। তাদের উপস্থিতিতে আপনার আপন ইচ্ছাশক্তিও বেড়ে যায়।
* ২০১৪ সালে জার্নাল অব কনজিউমার রিসার্চের একটি গবেষণায় পাওয়া গিয়েছে যে যখন বন্ধুরা খারাপ কোন কাজ পছন্দ করে, সময়ের সঙ্গে আপনিও তাদের পথে হাঁটা শুরু করেন।
ক্লায়েন্টদের প্রশিক্ষণ দেওয়ার সময় আমি তাদের শেখাই একে অপরকে বোঝার সবচেয়ে ভালো উপায় হলো তাদের সবচেয়ে ভালো বন্ধু এবং তাদের অতীতের বন্ধু নিয়ে কথা বলা। কেননা, বন্ধুদের আপনি নিজের পছন্দেই নির্বাচন করে থাকেন।
সুতরাং, এমন বন্ধুদের সঙ্গে মেশার চেষ্টা করুন যারা আপনাকে ভেতর থেকে গড়ে উঠতে সাহায্য করবে এবং সর্বদা আপনার পাশে থাকবে।
সাহসী পরিবর্তন আনার চেষ্টা করুন
আমি বিশ্বাস করি, যাদের সঙ্গে আমাদের দেখা হয় সবার সঙ্গেই কোন কারণে দেখা হয়। আমরা হয়তো অনেকেই জানি না কারণগুলো। কিন্তু কারো সঙ্গে দেখা হওয়া মানেই যে সে খুব ভালো বন্ধু হয়ে গেলো, তা কিন্তু নয়। যে মানুষগুলো আপনার জীবনে সমস্যার সৃষ্টি করছে, তাদের জীবন থেকে বাদ দিয়ে দেওয়ার জন্য প্রস্তুত হন।
* যারা আপনার প্রতি নিষ্ঠুর,
* যারা আপনাকি নিয়ে হিংসা করে,
* যারা স্বার্থপর এবং আত্মপ্রেমী,
* যারা আপনার সঙ্গে অসংযত ব্যবহার করে।
এসব মানুষের কাছ থেকে আপনি কেন দূরে চলে গিয়েছেন, সে জবাবদিহি করতে হবে না। আপনি চাইলে তাদের সঙ্গে আপনার মতামত ভাগাভাগি করতে পারেন কিন্তু এতে তাদের খুব একটা পরিবর্তন হবে না। প্রত্যেক মানুষের নিজ নিজ দুর্বলতা আছে। তাঁরা আপনার মতামত গ্রহণ করতে নাও পারেন। নিজের অনুভূতি ও মতামত নিয়ে দৃড় থাকুন আপনি। নিজের সঙ্গে সৎ থাকুন।
প্রকৃত বন্ধুদের সঙ্গে রাখুন
বন্ধুরা আমাদের কাছ থেকে দূরে চলে খুব কষ্ট লাগে, এটাই স্বাভাবিক। আপন বন্ধুদের সঙ্গে করে রাখুন। যেকোন বিপদে-আপদে তাদের পাশে দাঁড়ান।



