সফল ব্যক্তিদের ১০০ জীবনচর্চা: অনুশীলন ৬৯- ‘সেন্ড বাটনে প্রেস করার আগে একটু ভাবুন’
প্রিয় পাঠক, আপনাদের জন্য রয়েছে আমাদের এ নতুন আয়োজন। এখানে ‘দ্য সিল্ক রোড পার্টনারশিপ’ এর সহ-প্রতিষ্ঠাতা নাইজেল কাম্বারল্যান্ড লিখিত একটি বইয়ের সাথে আপনাদের পরিচয় করানো হবে। বইটির শিরোনাম, ‘হান্ড্রেড থিংস সাকসেসফুল পিপল ডু: লিটল এক্সারসাইজেস ফর সাকসেসফুল লিভিং’। এবং আমরা বইটি অনুবাদ করছি “সফল ব্যক্তিদের ১০০ জীবনচর্চা” শিরোনামে। সপ্তাহব্যাপী এই আয়োজনে প্রতিদিন এই বই থেকে একটি করে বিষয় আলোচনা করা হবে। আজকের আয়োজনে জেনে নিন সফল ব্যক্তিদের করা ৬৯ নম্বর বিষয়টি সম্পর্কে।
অনুশীলন ৬৯- ‘সেন্ড বাটনে প্রেস করার আগে একটু ভাবুন’
আমাদের সমগ্র কর্মজীবন এবং সামাজিক জীবনে অসংখ্য মেইল, মেসেজ এবং ইন্টারনেট মেসেজ আদান-প্রদান করতে হয়। আমরা সেগুলো খেতে খেতে, গাড়ি চালাতে চালাতে, দৌড়াতে দৌড়াতে এমনকি বাথরুমে বসেও লিখি। সেগুলো যদি কোন ক্রমে ভুল ঠিকানায় কিংবা ভুল ফরম্যাটে পাঠানো হয়ে যায়, অবাক হওয়ার কি কিছু আছে?
আমি এমন অনেক নির্বাহী অফিসারদের প্রশিক্ষণ দিয়েছি যারা এমন ই-মেইল এবং কমিউনিকেশন চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছেন। কেউ কেউ কখনোই ঠিকমতো মেইল পড়েননি, কেউ আবার খুব দীর্ঘ মেইল লিখেছেন, কেউ বা আবার খুব সংক্ষিপ্ত করে ফেলেছেন!
সাম্প্রতিক সময়ে সকল যোগাযোগের মাধ্যমগুলো একেবারে ইন্টারনেট নির্ভর হয়ে উঠেছে। আমরা প্রত্যেকেই এখনো শেখার পর্যায়ে আছি। সেজন্যে কোন মেইল পাঠানোর আগে অবশ্যই একবার চোখ বুলিয়ে নেবেন। এতে করে আপনার লেখালিখির দক্ষতাও বাড়বে এবং আপনি অনেক কিছু শিখতে পারবেন।
লিখবেন না বলবেন?
কাউকে টাইপ করে যেকোন মেইল দেওয়া খুব সহজ। কারো সঙ্গে সরাসরি দেখা করার চাইতে মেসেজ টাইপ করে পাঠিয়ে দিতে খুব অল্প সময় লাগে। কেন, কিভাবে এবং কার সঙ্গে যোগাযোগ করবেন সে ব্যাপারে লক্ষ্য নির্ধারণ করুন। আপনি নিচের ব্যাপারগুলো খেয়াল করতে পারেন-
* যোগাযোগের প্রধান উদ্দেশ্য কী?
* মানুষটির সঙ্গে যোগাযোগ করে আপনি কী হাসিল করবেন?
* আপনি এবং অপর পক্ষ ছাড়া আর কাউকে জানানোর দরকার আছে কী?
* মেইল কিংবা মেসেজ পাঠানোর পর আপনি কি কোন ধরনের আফসোস করবেন?
ড্রাফটে সেইভ করে রাখুন
কিছু কিছু মেসেজ বা মেইল এমন থাকে যে সেগুলো পাবার পর অপর পক্ষ বেশ ক্ষেপে যাওয়ার সম্ভাবনা থাকে। এক্ষেত্রে সে সকল মেইল ও মেসেজ ড্রাফটে জমা রাখার অভ্যাস করুন। অতঃপর ফোন কিংবা কম্পিউটার থেকে কিছুক্ষণ দূরে থাকুন। কিছু সময় পর আবার এসে মেইলটি পড়ুন। এ মেসেজ আপনি পেলে, আপনার কেমন লাগতো সেটি নিয়ে ভাবুন। এরপর ‘সেন্ড’ বাটনে প্রেস করুন।
প্রিয়.কম



