১০০ টি বিষয় যা সফল ব্যক্তিরা করে থাকেন: অনুশীলন ৬- ‘কাজকে আনন্দে পরিণত করুন’
‘সফল ব্যক্তিরা করে এমন ১০০টি বিষয়: সফল জীবনযাপনের ছোট্ট অনুশীলন’ বইটি হাতে অনুবাদক বুশরা আমিন তুবা। ছবি: নূর, প্রিয়.কম।
ষষ্ঠ অনুশীলন: কাজকে আনন্দে পরিণত করুন
আপনি কি আপনার কাজকে উপভোগ করেন? প্রতিদিন ঘুম থেকে উঠে অফিসের কথা চিন্তা করে আপনি কি আনন্দ পান? এ দুটো প্রশ্নের উত্তর যদি না হয়, তবে আপনি কিন্তু ‘একা’ নন। একটি কনফারেন্স বোর্ড জরিপে জানা গেছে যে, শতকরা ৫২ ভাগ আমেরিকান তাদের নিজের কাজকে ভালোবাসেন না এবং তাদের মধ্যে শতকরা ২৩ ভাগ লোক সর্বদা নতুন চাকরি খুঁজে বেড়ান। সুতরাং দেখা যাচ্ছে যে, শতকরা এক-তৃতীয়াংশ লোক তাদের কাজকে ভালোবাসেন। সেজন্য বেশিরভাগ আমেরিকানের চোখে মুখে ব্যর্থতা, কষ্ট এবং দুঃখের ছাপ দেখা দেয়।
এখন সময় এসেছে এ ব্যাপারে মন দেওয়ার। আমাদের জীবনে অধিকাংশ সময় কাজ করেই কেটে যায়। এই কাজকে যদি আমরা ভালো না বাসতে পারি, তাহলে আমাদেরই মূল্যবান সময় ও মানসিকতা নষ্ট হচ্ছে এবং হবে। প্রতিবছর অন্তত ২২৫০ ঘণ্টা, প্রতিদিন ৯ ঘণ্টা এবং প্রতি সপ্তাহে ৫ দিন চাকরিতেই সময় কেটে যায় আমাদের। এছাড়াও ওভারটাইম করে, অফিস সংক্রান্ত মেইল পড়ে আমাদের অধিকাংশ সময় ব্যয় হয়।
আমি প্রশিক্ষণ দিয়েছি এমন বেশিরভাগ মানুষই তাদের কর্মজীবন নিয়ে অসন্তুষ্ট। তারা তাদের কাজকে ‘বিরক্তিকর’, ‘ফালতু’, ‘ভয়ংকর’ এমনকি ‘দুঃখজনক’ বলেও বর্ণনা দিয়েছেন! যখনই আমি বিশ্বের যেকোনো জায়গায় বেড়াতে যাই, তখন নানা রকম লোকের কাছেও এমন কথা শুনি।
যদি না আপনি কাজ থেকে বিরতি নেন এবং বিশাল সৌভাগ্যের অধিকারী হয়ে থাকেন আপনাকে কাজ করতেই হবে জীবিকা নির্বাহের জন্য। আপনার কর্মজীবনকে ইতিবাচক এবং আনন্দময় করে তোলার দায়িত্ব আপনারই। অন্য কেউ কখনোই আপনার রুচি বুঝতে পারবে না।

চাকরিকে আনন্দময় করে তুলুন। ছবি: সংগৃহীত।
আপনার চাকরিকে আনন্দময় করে তুলুন
আপনি কোন কাজটি করতে ভালোবাসেন এবং উপভোগ করেন, এমন কাজ বেছে নিন। আপনি যদি আপনার চাকরিকে ভালোই না বাসতে পারেন তবে আপনার কখনোই উন্নতি হবে না। দরকার পড়লে আপনার বসের সাথে বসুন যে আর কী কী করলে আপনার চাকরি আরেকটু আনন্দময় হবে। কোনো বসই চান না যে তার কর্মী কাজ করতে এসে বিষণ্ন কিংবা মনমরা হয়ে বসে থাকুক।
তবে আপনি যদি কোনোভাবেই চাকরির কোনো ক্ষেত্র বদলাতে না পারেন তবে নিজের অভিব্যক্তি ও চিন্তাচেতনা বদলানোর চেষ্টা করুন। আপনার জীবন ও ক্যারিয়ারের কথা চিন্তা করেই কাজকে ভালোবাসুন, কাজে মনোযোগ দিন।

কাজের ক্ষেত্রকে আনন্দময় করে তুলুন। ছবি: সংগৃহীত।
কাজের ক্ষেত্রকে আনন্দময় করে তুলুন
আপনার কর্মক্ষেত্র কীভাবে আরেকটু আনন্দময় ও সুখকর হবে একটু ভেবে দেখুন তো? আপনার বন্ধুর সাথে কথা বলুন এবং দরকার পড়লে তাদের অফিসে যান। আপনি যা-ই দেখেন না কেন, সেখান থেকে ধারণা নেওয়ার চেষ্টা করুন। আমি অনেক অফিসে সময় কাটিয়েছি। নিচের ব্যাপারগুলো যে অফিসে আছে, সেটি বেশ আনন্দদায়ক হতে পারে:
* মানুষ হাসছে, গল্প করছে এবং মাঝেমধ্যে গান বাজাচ্ছে।
* কফি শপে কিংবা খেলার কোনো সামগ্রী নিয়ে আনন্দ করছে।
* সবাই ইতিবাচক, দয়ালু এবং সাহায্যকরী।
আপনার কাজ খুব বিরক্তিকর কিংবা একঘেঁয়ে হতে পারে কিন্তু এমন কিছু পরিবেশ পেলে আপনি নিমিষেই চাঙ্গা হয়ে উঠতে পারবেন।
সব ভুলে এগিয়ে চলুন
পরিশেষে আপনি যদি কোনোভাবেই আপনার কর্মক্ষেত্র এবং সহকর্মীদের সাথে সমঝোতায় যেতে না পারেন তবে চাকরি থেকে ইস্তফা দিন। এমন কোনো চাকরি খুঁজে নিন যেখানে আপনি দারুণভাবে আত্মপ্রকাশ করতে পারবেন, সবার সাথে মিলেমিশে কাজ করতে পারবেন। আমাদের জীবনের ব্যাপ্তি খুবই কম। কী লাভ এমন জায়গায় থেকে যেখানে শান্তি নেই?
সুত্র : প্রিয় .কম



