টেন্ডুলকারকে হারিয়ে দিলেন কোহলি

ওয়ানডে ক্রিকেটে দ্রুত ৩০ সেঞ্চুরির বিশ্বরেকর্ড গড়েছেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি। গতকাল কলম্বোতে শ্রীলংকার বিপক্ষে সিরিজের পঞ্চম ও শেষ ম্যাচে নিজের ওয়ানডে ক্যারিয়ারের ১৮৬তম ইনিংসে ৩০তম সেঞ্চুরি তুলে ১১০ রানে অপরাজিত থাকেন কোহলি। এই ইনিংসের মাধ্যমেই ওয়ানডেতে দ্রুত ৩০ সেঞ্চুরির নতুন রেকর্ড গড়েন ভারতীয় অধিনায়ক।
নতুন রেকর্ডের পথে কোহলি পেছনে ফেললেন তারই সাবেক সতীর্থ শচিন টেন্ডুলকারকে। এত দিন ২৬৭তম ইনিংসে ৩০তম সেঞ্চুরি করে সবার উপরে ছিলেন টেন্ডুলকার। এই তালিকায় এখন তৃতীয় স্থানে আছেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক রিকি পন্টিং। ৩৪৯তম ইনিংসে ৩০তম সেঞ্চুরি করেছিলেন পন্টিং।
বিশ্বরেকর্ড করার পথে পন্টিং-কে স্পর্শ করলেন কোহলি। ৩৭৫ ম্যাচের ওয়ানডে ক্যারিয়ারে ৩০টি সেঞ্চুরি করেছিলেন পন্টিং। আর ১৯৪ ম্যাচে ৩০তম সেঞ্চুরির স্বাদ নিলেন কোহলি।
৪৯টি সেঞ্চুরি করে ওয়ানডে ক্রিকেটে সবচেয়ে বেশিবার তিন অংকে পা দেয়া ব্যাটসম্যান ভারতের টেন্ডুলকার। ৪৬৩ ম্যাচে ১টি ডাবল-সেঞ্চুরিসহ ৪৯টি সেঞ্চুরি করেন টেন্ডুলকার।
শ্রীলংকাকে হোয়াইটওয়াশ করলো ভারত
টেস্টের পর ওয়ানডেতেও স্বাগতিক শ্রীলংকাকে হোয়াইটওয়াশ করলো সফরকারী ভারত। পেসার ভুবেনশ্বর কুমারের ৫ উইকেট ও অধিনায়ক বিরাট কোহলির অপরাজিত ১১০ রানের সুবাদে গতকাল সিরিজের পঞ্চম ও শেষ ওয়ানডে ম্যাচে শ্রীলংকাকে ৬ উইকেটে হারায় টিম ইন্ডিয়া। এই জয়ে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ ৫-০ ব্যবধানে জিতে নিলো কোহলির দল। নিজেদের ক্রিকেট ইতিহাসে প্রতিপক্ষকে এই নিয়ে ষষ্ঠবার এবং দ্বিতীবারের মত শ্রীলংকাকে ওয়ানডেতে হোয়াইটওয়াশ করলো ভারত। পাশাপাশি এই প্রথমবারের মত দেশের মাটিতে হোয়াইটওয়াশের লজ্জা পেল লংকানরা।
হোয়াইটওয়াশ এড়ানোর লক্ষ্য নিয়ে কলম্বোতে সিরিজের পঞ্চম ও শেষ ওয়ানডে ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্বান্ত নেয় শ্রীলংকা। ভারতীয় বোলারদের তোপে ২৩৮ রানেই গুটিয়ে যায় লংকানরা। ব্যাট হাতে লড়াই করার চেষ্টা করেছিলেন অধিনায়ক উপুল থারাঙ্গা, লাহিরু থিরিমান্নে ও সাবেক দলপতি অ্যাঞ্জেলো ম্যাথুজ। ওপেনার থারাঙ্গা ৪৮ রানে ফিরলেও, থিরিমান্নে ৬৭ ও ম্যাথুজ ৫৫ রানের দু’টি গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন। চতুর্থ উইকেটে ১২২ রানের জুটি গড়েন থারাঙ্গা ও থিরিমান্নে। এই জুটির বিদায়ের পর আর কোন ব্যাটসম্যানই দলের হাল ধরতে পারেননি। ভারতের পেসার ভুবেনশ্বর কুমার ৪২ রানে ৫ উইকেট নেন।
জবাবে জয়ের জন্য ২৩৯ রানের লক্ষ্যে শুরুটা ভালো হয়নি ভারতের। ২৯ রানের মধ্যে দুই ওপেনার আজিঙ্কা রাহানে ও রোহিত শর্মাকে হারায় তারা। রাহানে ৫ ও রোহিত ১৬ রানে ফিরেন। এরপর দলের হাল ধরে ৯৯ রানের জুটি গড়েন কোহলি ও মনীষ পান্ডে।
৫৩ বলে ৩৬ রানে করে পান্ডে ফিরে গেলে কেদার যাদবকে নিয়ে দলের জয়ের পথ নিশ্চিত করে ফেলেন কোহলি। তবে জয় থেকে ২ রান দূরে থাকতে ব্যক্তিগত ৬৩ রানে থেমে যান কেদার। ৭টি চারে ৭৩ বলে ৬৩ রান করেন তিনি।
অন্যপ্রান্তে ওয়ানডে ক্যারিয়ারের ৩০তম সেঞ্চুরি তুলে ১১০ রানে অপরাজিত থাকেন কোহলি। ১১৬ বল মোকাবেলা করে ৯টি চারের সহায়তায় নিজের ইনিংসটাকে সাজান কোহলি। ১ রানে অপরাজিত থাকেন মহেন্দ্র সিং ধোনি। ভারতের ভুবেনশ্বর ম্যাচ সেরা এবং সিরিজ সেরা হন জসপ্রিত বুমরাহ।




