
রতন ঘোষ, কটিয়াদী প্রতিনিধি: কিশোরগঞ্জের, কটিয়াদী উপজেলার, জালালপুর-লোহাজুড়ী সড়কটি একটি জন গুরুত্বপূর্ণ সড়ক। বর্তমানে কয়েকদিনের প্রবল বর্ষণে উক্ত রাস্তাটি মানুষের মরণ ফাঁদে পরিনত হয়েছে। দীর্ঘদিন সংস্কারবিহীন থাকায়, কয়েকদিনের প্রবল বর্ষণে সড়কে তৈরি হয়েছে বড় বড় গর্ত। যাতে জমে থাকা বৃষ্টির পানিতে একাকার হয়ে গেছে। পানির নিচে এ সমস্ত অদৃশ্য গর্তে প্রতিনিয়ত ঘটে চলছে দুর্ঘটনা।
এলাকা সুত্রে জানা যায় জালালপুর-লোহাজুরী ইউনিয়নের পাশাপাশি মনোহরদী থানার চরমান্দালিয়া ও পার্শ্ববর্তী বেলাবো থানার বিন্নাবাইদএবং পাইকান ইউনিয়ন সমুহেরর কয়েক লক্ষ মানুষের, কটিয়াদী উপজেলা সদরের যোগাযোগের একমাত্র সড়ক এটি। কিন্তু বছরের পর বছর সড়কটির স্থায়ী সংস্কার না করে এলাকাবাসীর মৌখিক অভিযোগের প্রেক্ষিতে মাঝে মাঝে প্রশাসনের পক্ষ থেকে কিছু কিছু ভাঙ্গা ইট ফেলে দায়ছাড়া ভাবে রোলার না দিয়ে মেরামতের চেষ্টা করা হলেও তা কোন কাজে আসে নি।
কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসা শত শত রোগী প্রতিনিয়ত এই সড়কটি ব্যবহার করেন।বিশেষ করে গুরুতর অসুস্থ ও গর্ভবতী নারীদের জন্য ভাঙ্গাচুরা এ রাস্তাটি ভীষণ ঝাঁকুনির মধ্যে যাতায়াত করতে গিয়ে অনেক সময় গর্ভবতী মহিলারা মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে পড়েন।
তাছাড়া বর্তমানে রাস্তাটির সংস্কারের অভাবে পরিবহন সঙ্কটের কারণে যদিও কিছু পরিবহন, ঝুঁকি নিয়ে চলাচল করে, তারাও যাত্রীদের কাছ থেকে দ্বিগুণ- তিনগুন ভাড়া আদায় করে বলে অভিযোগ পাওয়া যায়। এই মুহূর্তে সবচেয়ে বেশি বিপাকে পড়েছে স্কুল ও কলেজের শিক্ষার্থীরা। অনেক শিক্ষার্থী অতিরিক্ত ভাড়া দিতে না পেরে কাদা পানি মারিয়ে পায়ে হেটেই শিক্ষা প্রতিষ্ঠানে যাতায়াত করতে হয়।
উল্লেখযোগ্য যে সড়কটির পাশেই অবস্থিত কটিয়াদী উপজেলা সদরের বৃহৎ পাইকারি সবজির বাজার। অথচ শুধুমাত্র উক্ত রাস্তাটি সংস্কারের অভাবে ঢাকা, সিলেট ও উত্তরবঙ্গ সহ বিভিন্ন জেলা থেকে পাইকাররা এখানে আর এই সড়কে আসতে চায় না। যে কারণে স্থানীয় কৃষকরা তাদের উৎপাদিত পণ্যের সঠিক মূল্য পাচ্ছে না। যার ফলে কৃষকরা তাদের উৎপাদিত পণ্যের প্রকৃত মূল্য থেকে বঞ্চিত হচ্ছেন।
উপজেলা সদরের বিভিন্ন সরকারি দপ্তর যেমন ব্যাংক, থানা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, সাব রেজিস্ট্রি অফিস, শিক্ষা প্রতিষ্ঠান সহ এ সমস্ত প্রতিষ্ঠান গুলিতে যাতায়াতের এই রাস্তাটির কোন বিকল্প নেই। তাই এলাকাবাসীর দাবি অতি দ্রুত সময়ের মধ্যে এই রাস্তাটি পরিপূর্ণভাবে সংস্কার না করা হলে বড় ধরনের কোন দুর্ঘটনায় প্রানহানির ঘটনাও ঘটতে পারে।




